ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত সময়েই হচ্ছে। আগেরদিন নির্বাহী কামটির সভা শেষে নির্বাচন পেছানোর কথা বললেও চব্বিশ ঘন্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফের নির্বাহী কমিটি। তাই ২৮ এপ্রিলই হচ্ছে বাফুফের নির্বাচন।
কারণ নির্বাচন পেছানো হলে নানান সমালোচনা হতে পারে। প্রশ্ন উঠতে এই কমিটি আরো কিছুদিন ক্ষমতায় থাকতে আগ্রহী। তাই পিছু হটার সিদ্ধান্ত নেয় তারা। সোমবারের সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
গঠনতন্ত্রের দুটি গুরুত্বপূর্ন ধারায় সংশোধনী আনতে রোববারের সভায় নির্বাচন পেছানোর পক্ষে মত দিয়েছিলো তারা। কিন্তু এখণ আর তারা চাচ্ছে না গঠনতন্ত্রে সংশোধনী আনতে। তাই আগের গঠনতন্ত্র অনুযায়ীই নির্বাচন হবে।
বাফুফের গত নির্বাচনে শুধুমাত্র কাউন্সিলররা প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেয়েছিল। আর নির্বাহী কমিটির সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অবশ্য তাদের মনোনীত ব্যক্তিরা ভোটদিতে পেরেছিলো।
অবশ্য এবার একটি বিষয় নতুন করে উঠে এসেছে, কাউন্সিলর না হয়েও যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে। তবে তাকে ফুটবল সংশ্লিষ্ট হতে হবে। অবশ্য এমনিতেই হবে না। কোন সংস্থা থেকে প্রস্তাব করতে হবে এবং আরেকটি সংস্থার সমর্থন লাগবে- তাহলেই কেবল নির্বাচনে প্রার্থী হতে পারবেন তিনি।
তবে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা এবারো সারাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তাদের মনোনীত ব্যাক্তির মাধ্যমে ভোট দিতে পারবেন।
সোমবারের সভা শেষে আরেকটি বিষয় অনেকটাই পরিস্কার হয়ে গেছে, সমঝোতার দিকেই এগুচ্ছে বাফুফে নির্বাচন। এ ব্যাপারে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আনোয়ারুল হক হেলাল বলেন, “সমঝোতার দিকেই এগুচ্ছে। বিষয়টা এখন প্রক্রিয়াধীন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.
bdnews24