২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জয়

টানা দুইটি ড্রয়ের পর শনিবার রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোল উড়িয়ে দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এদিন জিতেছে বার্সেলোনাও। মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে এখনো টিকে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুইটি ড্রয়ের পর শনিবার রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোল উড়িয়ে দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এদিন জিতেছে বার্সেলোনাও। মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে এখনো টিকে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৯ খেলায় ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। সমান খেলায় ৬৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুই নম্বরে। লিগে বাকি আছে নয়টি খেলা। এক ম্যাচে নিষিদ্ধ থাকায় ‘সান্টিয়াগো বার্নাব্যু’তে এদিন ছিলেন না রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। তবে নিজেদের মাঠে অপ্রতিরোধ্য ছিলো রিয়াল। ৬ মিনিটে গোলের শুরু করেন গঞ্জালো হিগুয়েইন। এরপর ৩৩ ও ৫৬ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ৪১ ও ৪৯ মিনিটে করিম বেনজেমার জোড়া গোলে রীতিমত গোল উৎসব করে স্বাগতিকরা। এই ম্যাচে রিয়ালের হয়ে লিগে সবচেয়ে দ্রুত এক শ (৯২ ম্যাচে ১০১ গোল) গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। আর এই মৌসুমে লিগে ৩৫ গোল নিয়ে মেসির সঙ্গে শীর্ষ গোলদাতার আসনটি ভাগাভাগি করে নিয়েছেন তিনি। ৪২ মিনিটে সোসিয়েদাদের মিডফিল্ডার জাবি প্রিয়েতো একটি গোল পরিশোধ করেন। এদিকে মায়োর্কার মাঠে অতিথি হয়ে খেলতে নামা বার্সেলোনাকে ২৫ মিনিটে ফ্রিকিক থেকে এগিয়ে নেন লিওনেল মেসি। তিনবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড় বার্সার হয়ে সর্বশেষ নয় ম্যাচে ১৮ গোল করেছেন। ৫৭ মিনিটে মিডফিল্ডার থিয়াগো আলকানতারা হ্যান্ডবলের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে দশজনের দলে পরিণত হয় বার্সেলোনা। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেনি মায়োর্কা। বরং ৭৯ মিনিটে মেসি ও কার্লোস পুয়লের সমন্বিত আক্রমণকে সফল করেন ডিফেন্ডার জেরাড পিকো। এদিন অন্য ম্যাচে গেটাফের কাছে ৩-১ গোলে হেরেছে তালিকার তিন নম্বর দল ভ্যালেন্সিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৫৮ ঘ.