ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণের অপরাধে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার পেপে ও সহকারী কোচ রুই ফারিয়াকে। এছাড়া এক ম্যাচের জন্য বরখাস্ত হয়েছেন কোচ হোসে মরিনহো ও মিডফিল্ডার মেজুত ওজিল।
তবে বুধবারের ওই ম্যাচে দুইটি হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া সার্জিও রামোসকে রেহাই দেয়া হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রামোসের প্রথম হলুদ কার্ডটি রেফারি ভুলের ফসল। ফলে শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামতে পারবেন ওই ডিফেন্ডার।
ভিয়ারিয়ালের সঙ্গে ওই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে প্রথমে এগিয়ে গেলেও ৮৩ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে খেলায় সমতা ফেরায় ভিয়ারিয়াল। ওই ফ্রিকিক দেয়াকে কেন্দ্র করেই রিয়ালের কোচ ও খেলোয়াড়রা তাদের মেজাজ হারান ও রেফারির সঙ্গে অশোভন আচরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৩ ঘ.
bdnews24