২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের দুর্দান্ত প্রত্যাবর্তন, ম্যান সিটির জয়

প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন কার্লোস তেভেজ। বুধবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তার পাস থেকে গোল করে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে জয় এনে দেন সামির নাসরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন কার্লোস তেভেজ। বুধবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তার পাস থেকে গোল করে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে জয় এনে দেন সামির নাসরি। ২-১ গোলের জয়ের সুবাদে লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যান সিটির পয়েন্টের ব্যবধান এখন ১। ২৯ ম্যাচ থেকে ম্যান ইউর সংগ্রহ ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৬৯। ৪৯ পয়েন্ট নিয়ে চেলসি আছে পাঁচ নম্বরে। জিতলেও ঘরের মাঠে পিছিয়ে পড়েছিলো ম্যান সিটি। ৬০ মিনিটে গ্যারি ক্যাহিলের গোল এগিয়ে দেয় চেলসিকে। এরপর মিডফিল্ডার নাইজেল ডি জংকে তুলে তেভেজকে মাঠে নামান ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি। নেমেই খেলার চেহারা পাল্টে দেন তেভেজ। একের পর এক আক্রমণ করে চেলসিকে দিশেহারা করে ফেলে স্বাগতিকরা। ৭৭ মিনিটে ম্যান সিটির ডিফেন্ডার পাবলো জাবালেতার শট বক্সের মধ্যে চেলসির বদলি খেলোয়াড় মাইকেল এসিয়েন হাত দিয়ে ঠেকিয়ে দিলে পেনাল্টি পায় ম্যান সিটি। সুযোগটার সদ্ব্যবহার করে দলকে সমতায় ফেরান সার্জিও অ্যাগুয়েরো। আর ৮৫ মিনিটে তেভেজের পাস থেকে নাসরির গোলের সুবাদে এই মৌসুমে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সব ম্যাচ জেতার কৃতিত্ব অটুট থাকে ম্যান সিটির। সব মিলিয়ে নিজেদের মাঠে এই মৌসুমে এটা তাদের টানা ২০তম জয়। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে আর্সেনাল ১-০ গোলে এভারটনকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে। ২৯ ম্যাচ থেকে আর্সেনালের পয়েন্ট ৫৫। তবে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৩-২ গোলে হেরে গেছে লিভারপুল। আর স্টোক সিটির সঙ্গে ১-১ গোল ড্র করে চার নম্বরে নেমে গেছে টটেনহ্যাম হটস্পার (৫৪ পয়েন্ট)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩০ঘ.