ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো ফ্রিকিকে পরাস্ত অনেকের মতেই বিশ্বের সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। আর তাই বুধবার ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নয় জনের রিয়াল মাদ্রিদ। মাত্র চার দিনের ব্যবধানে রিয়ালের দ্বিতীয় ড্র জমিয়ে দিয়েছে স্পেনের লা লিগার শিরোপা লড়াই।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে ৬-এ। ২৮ খেলায় ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি রিয়াল মাদ্রিদ। সমান খেলায় ৬৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই বার্সেলোনা।
ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের শুরুতে প্রাধান্য ছিলো রিয়ালের। তবে ধীরে-ধীরে নিজেদের ফিরে পেতে শুরু করে স্বাগতিকরা। দু দলই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
৬২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে গোল করা থেকে বিরত রাখতে পারেনি ভিয়ারিয়াল। মৌসুমে এটি রোনালদোর ৪৩তম গোল। আর লিগে ৩৩তম।
এক সময় মনে হচ্ছিলো তিন পয়েন্ট নিয়েই প্রতিপক্ষের মাঠ থেকে ফিরবে রিয়াল। কিন্তু ৮৩ মিনিটে মার্কোস সেনার ফ্রিকিকে সমতায় ফেরে ভিয়ারিয়াল।
ফ্রিকিকটা দেয়ার প্রতিবাদে রিয়ালের কোচ হোসে মরিনহোর আচরণ একদমই ভালো লাগেনি রেফারির। মরিনহোকে লাল কার্ড দেখিয়ে ডাগ-আউট থেকে বের করে দেন তিনি।
এরপর ভিয়ারিয়ালের স্ট্রাইকার নিলমারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সার্জিও র্যামোস। তাই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় এই ডিফেন্ডারকে। এর প্রতিবাদ করায় রিয়ালের আরেক খেলোয়াড় মেসুত ওজিলও সরাসরি লাল কার্ড দেখেন।
বুধবার লা লিগার অন্যান্য ম্যাচে মায়োর্কা ৩-২ গোলে স্পোর্টিং গিজনকে, অ্যাতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে অ্যাথলেতিক বিলবাওকে, জারাগোজা একই ব্যবধানে ভ্যালেন্সিয়াকে ও লেভান্তে ৩-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩২ঘ.
bdnews24