২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক করেই রেকর্ডটা গড়লেন মেসি

লিওনেল মেসির গোলের জোয়ার যথারীতি অব্যাহত। মঙ্গলবার তার হ্যাটট্রিকের সুবাদে স্পেনের লা লিগায় গ্রেনাদাকে ৫-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিক করার পাশাপাশি মেসির অধিকারে এখন অসাধারণ এক রেকর্ড। সিজার রদ্রিগেজকে পেছনে ফেলে তিনি এখন বার্সেলোনার পক্ষে সবচেয়ে বেশি গোলের মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিওনেল মেসির গোলের জোয়ার যথারীতি অব্যাহত। মঙ্গলবার তার হ্যাটট্রিকের সুবাদে স্পেনের লা লিগায় গ্রেনাদাকে ৫-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিক করার পাশাপাশি মেসির অধিকারে এখন অসাধারণ এক রেকর্ড। সিজার রদ্রিগেজকে পেছনে ফেলে তিনি এখন বার্সেলোনার পক্ষে সবচেয়ে বেশি গোলের মালিক। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্টের ব্যবধান পাঁচে নেমে এসেছে। যদিও এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে রিয়ালই। ২৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭১ পয়েন্ট। ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৬। এই মৌসুমে এটি মেসির ষষ্ঠ হ্যাটট্রিক। ৩৪ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। এবারের ফুটবল মৌসুমে এরই মধ্যে ৫৪টি গোল করে ফেলেছেন টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। স্প্যানিশ লিগের আর কোনো খেলোয়াড় এক মৌসুমে এত গোল করতে পারেননি। মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চতুর্থ মিনিটেই জাভির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১৭ মিনিটে রদ্রিগেজের বার্সার জার্সি গায়ে ২৩২ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। ৬৭ মিনিটে রেকর্ডটা ভেঙ্গে দেয়ার পর ৮৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করায় আর্জেন্টাইন তারকার গোল-সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪। ৮২ মিনিটে বার্সেলোনার অন্য গোলটি করেন বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান তেল্লো। গ্রেনাদার হয়ে ৫৫ মিনিটে মেইনজ এবং ৬২ ও ৮৯ মিনিটে পেনাল্টি থেকে দুটো গোল করেন গুইলের্মে সিকুয়েইরা। দুটো পেনাল্টিই দানি আলভেসের ফাউলের সুবাদে পায় গ্রেনাদা। প্রতিপক্ষকে শুধু পেনাল্টিই উপহার দেননি, দুটো হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে দলকে দশ জনের দলেও পরিণত করেন বার্সার ব্রাজিলীয় ডিফেন্ডার আলভেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১২ঘ.