ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে শুরু হয়েছে প¬্যান বাংলাদেশ মহিলা স্কুল ফুটবল প্রতিযোগিতা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ ৫-০ গোলে টিঅ্যান্ডটি স্কুলকে হারিয়েছে। বিজয়ী দলের ৫টি গোলই করেন মরিয়ম।
স্পন্সর প্রতিষ্ঠান প¬্যান বাংলাদেশের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল মঙ্গলবার। প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন রংয়ের বেলুন উড়িয়ে, ভুভুজেলা বাজিয়ে, কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে তারা।
মাঠের বাইরে জাঁকজমক থাকলেও মাঠের খেলা ছিলো হতাশাজনক। খেলা দেখে মনে হয়েছে, এই প্রথম বলে পা স্পর্শ করেছে স্কুলের ছাত্রীরা।
তবে খেলার মান নিয়ে হতাশ নন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “স্কুল ফুটবলে যারা ভাল খেলতো তারা সবাই কলেজে উঠে গেছে। তাই একেবারে নতুন মেয়েদের নিয়ে স্কুলগুলোকে দল গড়তে হয়েছে।”
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডা. শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৯ঘ
bdnews24