ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভিড বেকহাম ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে আয়ের দিক থেকে সবার ওপরে উঠে এসেছেন টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে। ম্যাগাজিনটির সর্বশেষ প্রকাশিত ধনী ফুটবলারদের তালিকায় বার্সেলোনার তারকা মেসি এখন সবার ওপরে। বেতন ও স্পন্সরশিপ চুক্তি মিলিয়ে গত বছর তার আয় ছিলো ৩৩ মিলিয়ন ইউরো।
গত কয়েক বছর এই তালিকায় শীর্ষস্থান দখল করে থাকা এলএ গ্যালাক্সির মিডফিল্ডার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহাম দুই নম্বরে নেমে গেছেন। ২০১১ সালে তার মোট আয় ছিলো ৩১.৫ মিলিয়ন ইউরো। ২৯.২ মিলিয়ন ইউরো আয় করে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর অবস্থান তিন নম্বরে।
গত বছর ইন্টার মিলান ছেড়ে আনঝি মাখাচকালায় যোগ দেয়া স্যামুয়েল এতো (২৩.৩ মিলিয়ন ইউরো) চার ও ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি (২০.৬ মিলিয়ন ইউরো) আছেন পাঁচ নম্বরে।
বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরো (১৮.৮ মিলিয়ন ইউরো) ও ইয়াইয়া তোরে (১৭.৬ মিলিয়ন ইউরো) যথাক্রমে ছয় ও সাত নম্বরে।
চেলসির ফার্নান্দো তোরেস (১৬.৭ মিলিয়ন ইউরো) আট ও রিয়ালের কাকা (১৫.৫ মিলিয়ন ইউরো) আছেন নয় নম্বরে। জার্মান লিগের একমাত্র খেলোয়াড় বায়ার্ন মিউনিখের ফিলিপ ল্যামের (১৪.৩ মিলিয়ন ইউরো) অবস্থান দশ নম্বরে। ইতালির সেরি আর কোনো খেলোয়াড় সেরা দশে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫২ ঘ.
bdnews24