২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউর বিশাল জয়

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার হতাশা কাটিয়ে উঠতে আরো কিছু দিন সময় লাগার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় ম্যান ইউকে ঐ দুঃখ কাটিয়ে উঠতে সাহায্য করবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার হতাশা কাটিয়ে উঠতে আরো কিছু দিন সময় লাগার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় ম্যান ইউকে ঐ দুঃখ কাটিয়ে উঠতে সাহায্য করবেই। এই জয়ের ফলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেলো ম্যান ইউ। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অ্যালেক্স ফার্গুসনের দল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই ম্যান সিটির অবস্থান। উলভারহ্যাম্পটনের মাঠে ম্যান ইউকে ২১ মিনিটের সময় এগিয়ে দেন জনি ইভান্স। ৪৩ মিনিটে আন্তনিও ভ্যালেন্সিয়া ও প্রথমার্ধের সংযোজিত সময়ে ড্যানি ওয়েলবেকের গোল প্রিমিয়ার লিগের সফলতম দলটির জয় প্রায় নিশ্চিত করে দেয়। ৫৬ ও ৬১ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের জোড়া গোল নিশ্চিত করে দেয় বিশাল জয়ও। খেলা শেষে উচ্ছ্বসিত ফার্গুসন বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের কাজ ঠিক মতো করে যাওয়া। লিগে এখনো ৯টি খেলা বাকি আছে এবং আমরা তাদের (ম্যান সিটির) ওপরে আছি। আশা করি আমরা লক্ষ্য পূরণে সক্ষম হবো।” প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে। চার ম্যাচ পর এটি নিউক্যাসলের প্রথম জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২০ঘ.