ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্সেলোনার জন্য সুখবর, দুর্দান্ত গতিতে শিরোপার পথে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদ হোঁচট খেয়েছে। রোববার স্পেনের লা লিগায় মালাগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হোসে মরিনহোর দল। তাই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান ১০ থেকে কমে এখন ৮-এ দাঁড়িয়েছে।
২৭ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭১ পয়েন্ট। সমান ম্যাচে গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ৬৩।
নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে টানা ১১টি জয়ের অনুপ্রেরণা নিয়ে নামা রিয়াল ৩৫ মিনিটের সময় এগিয়ে যায় করিম বেনজেমার হেড থেকে।
রিয়ালের সমর্থকরা যখন আরেকটি জয়ের কথা ভেবে উদ্বেলিত ঠিক তখনই খেলায় সমতা।
ম্যাচের অন্তিম লগ্নে পুরো বার্নাব্যুকে হতবাক করে সান্তিয়াগো কাজোরলার ফ্রিকিক জড়িয়ে যায় রিয়ালের জালে। বিশ্বসেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অনেক চেষ্টা করেও বল স্পর্শ করতে পারেননি।
রোববার লা লিগার অন্যান্য ম্যাচগুলোতে লেভান্তে ১-০ গোলে ভিয়ারিয়ালকে, মায়োর্কা ২-১ গোলে আতলেতিকো মাদ্রিদকে ও ভ্যালেন্সিয়া ৩-০ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১১ঘ.
bdnews24