ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন নতুন নিয়মে হচ্ছে ! এই নিয়ম অনুযায়ী কোন সংস্থার কাউন্সিলর না হয়েও যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবেন।
অবশ্য আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) এই নিয়মটি পুরনোই। শুধুমাত্র না বোঝার কারণেই এতোদিন বাফুফের নির্বাচন পদ্ধতি ছিল ভীন্ন। মানে পুরনো নিয়মটি এখন নতুন করে জেনেছে বাফুফে।
নতুন এই নিয়মের কারণে অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা কারার সুযোগ পাবেন। যারা এতোদিন কাউন্সিলর না হওয়ার কারণে নির্বাচন করার সুযোগ পেতেন না।
কাউন্সিলর না হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ পেলেও ভোটাধিকার পাবেন না সেই প্রার্থী। শুধুমাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবেন তিনি।
অবশ্য এমনিতেই প্রার্থী হতে পারবেন না। দু’টি ক্লাব বা সংস্থার সমর্থন পেতেই হবে তাকে। প্রমান দিতে হবে তিনি একজন ক্রীড়া সংগঠক।
শুধুমাত্র কাউন্সিলর হওয়ার জন্য একজন প্রার্থীকে নির্বাচনের আগে আরেকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে হতো। পুরনো এই নিয়মটি নতুন করে জানার কারণে এখন সেই লড়াই থেকে অন্তত রেহাই পেলেন প্রার্থীরা।
বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের কথাই ধরা যাক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে কাউন্সিলর হওয়ার জন্য তাকে কতোই না কষ্ট করতে হয়েছে। ইয়ংমেন্স ফরিরেরপুলের কর্মকর্তা না হয়েও শেষ পর্যন্ত সেই ক্লাবের কাউন্সিলর হয়েই নির্বাচনের মাঠে নামেন তিনি।
বাফুফে সভাপতির মতো এমনি করে অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এবার আর তেমন কিছু হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৩০ঘ.
bdnews24