ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড এসতানিস্লাউ বাসোরা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
বার্সেলোনা তাদের ওয়েব সাইটে এক বিবৃতিতে জানায়, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শুক্রবার সকালে এসতানিস্লাউ বাসোরা মারা গেছেন।”
১৯৪৬ থেকে ১৯৫৮ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৩৭৩ ম্যাচে ১৫৩ গোল করেন বাসোরা।
১৯৫১-৫২ মৌসুমে ‘দ্য টিম অফ দ্য ফাইভ কাপস’ নামে পরিচিত বার্সেলোনা দলের সদস্য ছিলেন তিনি। ঐ মৌসুমে দলটি স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ, লাতিন কাপ, ইভা দুয়ার্তে কাপ ও মার্টিনি রসি কাপের শিরোপা জিতেছিলো।
ব্রাজিলে অনুষ্ঠিত ১৯৫০ সালের বিশ্বকাপে স্পেনের হয়ে চারটি গোলও করেন বাসোরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৮ঘ.
bdnews24