ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দাবা ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। দাবার বর্তমান দুর্দশা কাটাতেই তিনি এই ঘোষণা দেন।
দাবা ফেডারেশনের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। এখন চলছে কাউন্সিলরদের তালিকা তৈরির কাজ। খুব শিগগিরি তফসিল ঘোষণা করার কথা।
অনেকদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে দাবা ফেডারেশন। বর্তমান সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোকাদ্দেস হোসেন। এই কমিটির বিরুদ্ধে দাবাড়–রা আন্দোলন করে আসছেন। এই কমিটির অধীনে একটি টুর্নামেন্টেও অংশ নেননি গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
সঙ্কট কাটিয়ে দাবায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন নিয়াজ। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই মুহূর্তে দাবা যেভাবে চলছে তাতে শুধু দুর্দশাই বাড়ছে। এভাবে কোনো ফেডারেশন চলতে পারে না। দাবা অঙ্গনকে বাঁচাতেই আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”
“এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। সবার কাছে গ্রহণযোগ্য কমিটি গড়ার চেষ্টাও করছি। দাবা অন্তঃপ্রাণ সংগঠক, সাবেক দাবাড়– এবং পৃষ্ঠপোষকরা আমার সঙ্গে আছেন,” যোগ করেন বাংলাদেশে দাবার জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশাল ভূমিকা পালন করা নিয়াজ ।
দাবার অগ্রগতির স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নিয়াজ বলেন, “নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে দাবা ফেডারেশনে কাউন্সিলরদের তালিকা প্রণয়নের কাজ ঢিমতালে এগোচ্ছে। এ ব্যাপারে সংশ্লি¬ষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।”
আগেও একবার দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন নিয়াজ। ১৯৯১ সালে তিন-চার মাস এই দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ.
bdnews24