ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো কথা আবার নতুন করে বললেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবে যেতে চান না টানা তিন বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় । ফুটবল জীবনের পুরোটা স্পেনের ক্লাবটিতেই কাটানোর পরিকল্পনা তার।
শনিবার টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টসকে মেসি বলেন, “সত্যি বলতে কি, আমি সব সময় বার্সেলোনায় থাকতে চাই এবং ক্যারিয়ারের বাকি সময় নিজেকে এখানেই দেখতে চাই।”
“আমি সব সময় বলি ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। তবে সিদ্ধান্ত নেয়ার সুযোগ পেলে বলবো, আমি এখানেই ক্যারিয়ারের বাকি সময়টা কাটাতে চাই, ” যোগ করেন আর্জেন্টাইন-তারকা।
২৪ বছর বয়সী মেসি আরো বলেন, আর কোনো দলকে তিনি বার্সেলোনার বর্তমান দলটির মতো এত ভালো খেলতে দেখেননি।
তিনি বলেন, “মানুষ ইতিহাসের পাতায় জায়গা করে নেয়া যে সব অসাধারণ দলগুলোর কথা বলে তাদের খেলা আমি দেখিনি।”
“তবে যে সব দলের খেলা দেখেছি তাদের মধ্যে বার্সেলোনার বর্তমান দলটিই সেরা। তবে যেহেতু অন্যদের সম্পর্কে তেমন কিছু জানি না তাই আমি কোনো তুলনাতেও যেতে চাই না,” যোগ করেন ফুটবল-বিস্ময় মেসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৫ঘ.
bdnews24