ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট নষ্ট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বিজেএমসির পক্ষে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা এবং মোহামেডানের পক্ষে নাইজেরীয় স্ট্রাইকার বেসডেন উইলকক্স গোল করেন।
গোলশূন্য প্রথমার্ধের পর এগিয়ে যায় বিজেএমসি। ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে নেয়া আবুলের ফ্রি কিকে হেড করে লক্ষ্যভেদ করেন ইসমাইল বাঙ্গুরা (১-০)।
মোহামেডান অবশ্য সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি। ৬৬ মিনিটে বদলি খেলোয়াড় রনির লব প্রতিপক্ষের এক ডিফেন্ডার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে উইলকক্স এগিয়ে আসা বিজেএমসির গোলরক্ষকের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন জালে (১-১)।
শেষ মুহূর্তে আরেকটি গোল পেতে পারতো মোহামেডান। নাইজেরীয় মিডফিল্ডার ওচেন্ডোর ফ্রি কিক থেকে উইলকক্সের হেড সাইডবার ঘেঁষে বাইরে চলে গেলে মোহামেডানের জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যায়।
ড্র করে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে বিজেএমসি। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। বিজেএমসি দুই ম্যাচ জিতেছে, তিনটি ড্র করেছে এবং অন্যটি হেরেছে।
সমান ম্যাচ খেলে মোহামেডানের পয়েন্ট ৬। ঐতিহ্যবাহী দলটি একটি মাত্র ম্যাচ জিতেছে, ড্র করেছে তিনটি এবং দুটি হেরেছে।
বিজেএমসির সঙ্গে জিততে না পেরে মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো ভীষণ হতাশ । তিনি বলেন, “যে মানের খেলা হচ্ছে, তাতে একজন ভালো খেলোয়াড়ই পারেন ম্যাচের ভাগ্য গড়ে দিতে। কিন্তু দুর্ভাগ্য, আমার দলে সেই মানের কোনো খেলোয়াড় নেই।”
ড্র করে বিজেএমসির কোচ জাকারিয়া বাবুও হতাশ। তিনি বলেন, “আমরা জেতা ম্যাচ ড্র করেছি। গোলটি খেয়েছি ডিফেন্স এবং গোলরক্ষকের ভুলে।”
“অবশ্য ম্যাচে দারুণ লড়াই হয়েছে। দুদলই ভালো খেলেছে। পয়েন্ট নষ্ট করলেও আমরা এখনও শিরোপা লড়াই থেকে ছিটকে যাইনি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৮ঘ.
bdnews24