ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত কোয়ার্টার ও সেমিফাইনালের ড্র সেই ইঙ্গিতই দিচ্ছে।
কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ ৭ বার শিরোপাজয়ী এসি মিলান। রেকর্ড ৯ বার চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদ খেলবে বিস্ময়ের জন্ম দিয়ে শেষ আটে জায়গা করে নেয়া সাইপ্রাসের অ্যাপোয়েলের বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-মার্সেই এবং চেলসি-বেনফিকা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ২৭ ও ২৮ মার্চ। আর ফিরতি লেগ ৩ ও ৪ এপ্রিল।
বার্সা-মিলান লড়াইয়ের বিজয়ী দল সেমিফাইনালে লড়বে চেলসি অথবা বেনফিকার সঙ্গে। অন্য সেমিফাইনালে রিয়াল-অ্যাপোয়েল লড়াইয়ের বিজয়ীর প্রতিপক্ষ বায়ার্ন বা মার্সেই।
অর্থাৎ ফাইনালের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সার দেখা হচ্ছে না। আগামী ১৯ মে মিউনিখে অনুষ্ঠেয় ফাইনাল তাই ‘এল ক্লাসিকো’ হওয়ার যথেষ্ট সম্ভাবনা।
ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র-ও হয়েছে শুক্রবার। ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দেয়া অ্যাথলেটিক বিলবাও শেষ আটে খেলবে জার্মানির শালকের সঙ্গে।
আরেকটি স্পেন-জার্মানি লড়াইয়ের জন্ম দিয়ে মুখোমুখি হবে ২০১০ সালের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ ও হ্যানোভার।
কোয়ার্টার ফাইনালে স্পেনের তৃতীয় দল ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের এজেড আলকমার। আর ম্যানচেস্টার সিটিকে বিদায় করা স্পোর্টিং লিসবন লড়বে ইউক্রেনের মেটালিস্ট খারকিভের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ২৯ মার্চ, ফিরতি লেগ ৫ এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫১ঘ.
bdnews24