২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ফিরলো আবাহনী

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এই জয়ে মুক্তিযোদ্ধাকে টপকে আবারো পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরলো আবাহনী। ৭ খেলায় তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৬ পয়েন্ট। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় আবাহনী। ৮ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার লাকি পল লক্ষ্যভেদ করেন। পলের শট প্রথমে গোলরক্ষক ফিরিয়ে দেন। ঘানাইয়ান মিডফিল্ডার তুয়াম ফ্রাঙ্ক বলটি পেয়েই পাস দেন পলকে। দ্বিতীয়বার সুযোগ পেয়ে বল জালে জড়াতে একটুও ভুল করেননি এই নাইজেরীয় স্ট্রাইকার (১-০)। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আবাহনীর ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিম। লাকি পলের কাছ থেকে বল পেয়ে ইব্রাহিম একাই বল নিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে শেখ জামালের গোলকিপার পিয়ারুজ্জামান পিরুকে (২-০)। এর মিনিট খানেক পর খেলার ধারার বিপরীতে একটি গোল হজম করে বসে আবাহনী। নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আকনের ক্রসে বদলী খেলোয়াড় আতিকুর রহমান মিশু হেডে গোল করে ব্যবধান কিছুটা কমান (১-২)। কিন্তু দলের হার এড়াতে পারেননি। শেখ জামালের এটি চতুর্থ হার। সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। আর অবস্থান ষষ্ঠ। ম্যাচ শেষেই আবাহনীর ইরানী কোচ আলী আকবর পুরমুসলিমি নিজ দেশের উদ্দেশে রওনা হয়ে যান। পারসি নববর্ষ নওরোজের অনুষ্ঠানে যোগ দিতেই দশদিনের ছুটিতে দেশে ফিরে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে দলের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন আবাহনী কোচ। তিনি বলেন, “ভালোই খেলছে দলের খেলোয়াড়রা। ফুটবলারদের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করি আমি।” শেখ জামাল কোচ আবু ইউসুফ দলের হারের জন্য দায়ী করেছেন ডিফেন্ডারদের। তিনি বলেন, “আমরা তূলনামূলক শক্ত প্রতিপক্ষের কাছে হেরেছি তা যেমন সত্য, তেমনি আমাদের ডিফেন্ডারদেরও কিছু ভুল ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৫০ঘ.