ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাভি ও লিওনেল মেসির প্রথমার্ধের দুই গোলে শনিবার সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগায় সবার উপরে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারো ৭ পয়েন্টে কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৭ খেলায় বার্সেলোনার পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭০।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে শিরোপার লড়াই বাঁচিয়ে রাখতে বার্সেলোনার সামনে জয়ের কোনো বিকল্প নেই। সেভিয়ার মাঠেও একই লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলো পেপ গার্দিওলার শিষ্যরা। খেলার ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন জাভি। তার সাত মিনিট পর মেসির জাদুতে দ্বিতীয় গোল পায় অতিথিরা। মাঝমাঠ থেকে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে বল দেয়া-নেয়া করে তিনি ঢুকে যান প্রতিপক্ষের বিপদজনক সীমানায়। সেখান থেকে সেভিয়ার এক ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে বল পাঠিয়ে দেন জালে। মৌসুমে এটা মেসির ৫১তম গোল। লিগে ৩১তম।
আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
অন্যান্য ম্যাচে গ্রেনাদা ২-১ গোলে স্পোর্টিং গিজনকে, গেটাফে ১-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে ও রায়ো ভায়েকানো ৩-০ গোলে রিয়াল বেটিসকে হারিয়েছে। জারাগোজা ও ওসাসুনার ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০০ ঘ.
bdnews24