ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনাল ব্যর্থ হলেও ঠিকই পেরেছে চেলসি। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোল দলের প্রথম লেগে নাপোলির কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর বুধবার ফিরতি লেগে ৪-১ গোলের নাটকীয় জয়ে (৫-৪ গোলের অগ্রগামিতায়) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের দলটি। এদিকে সিএসকেএ মস্কোর বিপক্ষে ৪-১ গোলের সহজ জয়ে (৫-২ গোলের অগ্রগামিতায়) চেলসির সঙ্গী রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে মস্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো রিয়াল।
স্ট্যামফোর্ড ব্রিজে ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের অতিরিক্ত সময়ের (১০৫ মিনিট) গোলই ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি হিসেবে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে দেয় চেলসিকে।
যদিও শুরু করেছিলেন দিদিয়ের দ্রগবা। ২৭ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে নেন আইভোরিকোস্টের এই স্ট্রাইকার। ৪৭ মিনিটে অধিনায়ক জন টেরির গোল আশা জাগায় চেলসি শিবিরে। কারণ ম্যাচে আর কোনো গোল না হলে প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে চেলসি। কিন্তু বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি তারা। ৫৭ মিনিটে নাপোলির মিডফিল্ডার গোখান ইনলের গোল করলে পিছিয়ে পড়ে চেলসি।
৭৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করেন ইভানোভিচ। ওই বলে হাত লেগে যায় নাপোলির ডিফেন্ডার আন্দ্রে ডোসানার। পেনাল্টি দেন রেফারি। গোল করেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। নির্ধারিত সময়ের খেলা ৩-১ গোলে শেষ হওয়ায় দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৪-৪ এবং দুই দলই প্রতিপক্ষের মাঠে একটি করে গোল করেছে। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
এদিকে নিজেদের মাঠে অপ্রতিরোধ্য ছিলো রিয়াল মাদ্রিদ। ২৬ মিনিটে প্রথম গোল করেন গঞ্জালো হিগুয়াইন। ৫৫ ও সংযোজিত সময়ে (৯০+৪) ক্রিস্টিয়ানো রোনালদোর দুই গোল ছাড়াও ৭০ মিনিটে করিম বেনজেমা এক গোল করেন। রাশিয়ার দল মস্কোর হয়ে একমাত্র গোলটি করেন জোরান টোসিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬০০ ঘ.
bdnews24