২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্ল্যাটারের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্ল্যাটার। গত ৬ মার্চ বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়েই চিঠি লিখেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্ল্যাটার। গত ৬ মার্চ বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়েই চিঠি লিখেছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকেও ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি। বাফুফের কাছে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্ল্যাটার লিখেছেন,“গত সপ্তাহে বাংলাদেশ সফরে আপনার কার্যালয়ে আমাকে এবং ফিফা প্রতিনিধিদলকে আপনি যে উষ্ণ অভ্যর্থনা ও মূল্যবান সময় দিয়েছেন তাতে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।” বাফুফে সভাপতিকে ‘প্রিয় বন্ধু কাজী’ সম্বোধন করে ব্ল্যাটার লিখেছেন, “মাত্র একদিনের সফরে এতগুলো অনুষ্ঠানে অংশ নিয়ে আমি মুগ্ধ। ফুটবল ভবন প্রাঙ্গণের অনুষ্ঠান থেকে শুরু করে ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন ও আমার সম্মানে ডিনার আয়োজন সব কিছুই আমরা দারুণ উপভোগ করেছি।” “আন্তরিক অভ্যর্থনা ও দারুণ সব আয়োজনের জন্য আপনাকে ও আপনার সংগঠনকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, নতুন অ্যাকাডেমি গঠন বাংলাদেশের ফুটবলকে আরো একধাপ এগিয়ে নেবে,” যোগ করেন ফিফা সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৯ঘ.