২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের সূচিতে বারবার পরিবর্তন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সূচিতে বারবার পরিবর্তন হচ্ছে। যে কোনো অজুহাতে খেলা পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। লিগ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সূচিতে পরিবর্তন এসেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সূচিতে বারবার পরিবর্তন হচ্ছে। যে কোনো অজুহাতে খেলা পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। লিগ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সূচিতে পরিবর্তন এসেছে । বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশের কারণে সোমবার খেলা স্থগিত করেছিলো পেশাদার লিগ কমিটি। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলা হওয়ার পর বুধ ও বৃহস্পতিবার আবার খেলা স্থগিত করে দেয় বাফুফে। এবার কারণ আওয়ামী লীগের সমাবেশ। এ ব্যাপারে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, “কোনো সমস্যা হওয়ার আশঙ্কায় আমরা খেলা স্থগিত করেছি।” এর আগেও বিভিন্ন সময় অনেকবার খেলা স্থগিত করেছে বাফুফে। তাই গত ১ ফেব্র“য়ারি শুরু হলেও দেড় মাসে প্রিমিয়ার লিগের মাত্র ষষ্ঠ রাউন্ড শেষ হয়েছে। বার-বার খেলা বন্ধ হওয়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ মারুফুল হক ভীষণ ক্ষুব্ধ। তিনি বলেন, “মৌসুমের শুরুতে বাফুফের দেয়া সূচি দেখে আমরা প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু হুট-হাট করে সূচিতে পরিবর্তন আসলে খেলোয়াড়দের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। যার প্রভাব পড়ে খেলায়।” “এ ব্যাপারে বাফুফেকে আরো বেশি সচেতন হতে হবে। অবশ্য আমাদের দেশের অবস্থা এমন যে চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না, ”যোগ করেন তিনি। আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপুও মারুফুল হকের সঙ্গে একমত। তিনি বলেন, “প্রত্যেক ম্যাচ নিয়েই আগে থেকে প্রস্তুতি থাকে কোচদের। কিন্তু ম্যাচটা হঠাৎ পিছিয়ে গেলে সেই পরিকল্পনা ভেস্তে যায়।” “কোনো কারণ থাকলে তা মেনে নেয়া যেতে পারে। কিন্তু কারণ ছাড়াই বৃহস্পতিবার খেলা বন্ধ রাখা নিয়ে প্রশ্ন তোলাই যায়,” যোগ করেন তিনি। মোহামেডানের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবু মনে করেন, খেলা বন্ধ থাকলে ক্লাবগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, “বারবার খেলা পেছানোর কারণে লিগের সময়সীমা বেড়ে যাচ্ছে। তাই ক্লাবগুলোর ব্যয়ভারও বেড়ে যাচ্ছে। পারিশ্রমিক ছাড়াও একজন খেলোয়াড়ের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় ক্লাবগুলোকে।” “তাছাড়া খেলায়ও এটা ভীষণভাবে প্রভাব ফেলে। পেশাদার লিগ কমিটির উচিৎ খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার আগে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করা,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪২ঘ.