ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের মর্মান্তিক পরিণতি দেখে মেজাজ বিগড়ে যাওয়ারই কথা। কিন্তু এ ধরনের কোনো লক্ষণই নেই। গ্যালারিতে বাসেল সমর্থকদের গান গাইতে দেখে অনেকেই ভাবতে পারেন তাদের দলই জিতেছে।
কিন্তু মাঠে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। বায়ার্ন মিউনিখের কাছে গুনে গুনে সাত গোল খেয়েছে তাদের দল। এর মধ্যে মারিও গোমেজ একাই দেন চারটি। সেই সঙ্গে নিজেদের জাল অক্ষত রেখে জায়গা করে নেয় তারা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।
তাদের অনুসরণ করেছে ফ্রান্সের মার্সেই। ফিরতি খেলায় যদিও তারা হেরে যায় ইন্টার মিলানের কাছে ২-১ গোলে। কিন্তু দুই খেলা মিলে মোট গোল ২-২ হওয়ায় প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে উঠে যায় তারা শেষ আটে।
সুইজারল্যান্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম খেলায় ১-০ গোলে হার মেনেছিল ব্যাভারিয়ানরা। কিন্তু ফিরতি খেলায় বিশাল ব্যবধানে জেতায় তারা এগিয়ে যায় ৭-১ গোলে। একই সঙ্গে বাঁচিয়ে রাখে তারা নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে খেলার আশা।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে এত বড় ব্যবধানে আর কোনো দল জেতেনি। বায়ার্নেরও এটি ছিল বৃহত্তম জয়। আর বাসেলের সব চেয়ে বড় হার।
বাসেল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাটেডকে বিদায় করে দিয়ে। কিন্তু ৩৩ বছরের মধ্যে প্রথমবারের মতো সুইজারল্যান্ডের কোনো দলের শেষ আটে খেলার আসায় পানি ঢেলে দেন আরিয়েন রোবেন, টমাস মুলার ও মারিও গোমেজ।
দ্বিতীয়ার্ধে আরো চার গোল দেয় জার্মানরা। ৮১ মিনিটে গোল-বন্যার স্লুইস গেইট বন্ধ করে দেন আরিয়েন রোবেন খেলার সপ্তম গোল করে।
স্লুইস গেটটিও কিন্তু খুলেছিলেন রোবেন, ১১ মিনিটে। ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন টমাস মুলার। এরপর কেবল গোমেজের গল্প। তিনি তার গোল চারটি দেন ৪৪, ৫০, ৬১ ও ৬৭ মিনিটে। এই চারটি মিলে প্রতিযোগিতায় তার মোট গোল সংখ্যা দাঁড়ালো দশে।
বার্সেলোনার লিওনেল মেসি গত সপ্তাহে বেয়ার লেভারকুসেনের জালে আঘাত হেনেছিলেন পাঁচবার। এটিই এই প্রতিযোগিতায় এক ম্যাচে কোনো এক খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।
করুণ এই পরাজয়ের পরও স্টেডিয়ামে উপস্থিত বাসেল সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো কমতি ছিল না। ঘন ঘন পতাকা নাড়ানোর পাশাপাশি গান গাইছিলেন তারা গ্যালারিতে বসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৫ ঘ.
bdnews24