ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হোসে মরিনহো আগামী মৌসুমেও সান্তিয়াগো বার্নাবুতে থেকে যাবেন বলে নিশ্চিত দলটির আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।
এ মৌসুম শেষে মরিনহো রিয়াল ছেড়ে ইংল্যান্ড পাড়ি জমাবেন বলে বলাবলি করছেন অনেকে। সে ক্ষেত্রে তার ঠিকানা হতে পারে চেলসি অথবা টটেনহ্যাম। কিন্তু রোনালদোর বিশ্বাস তার স্বদেশী রিয়ালেই থেকে যাবেন।
চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে বুধবারের খেলার আগে তিনি বলেন, “মরিনহো যে রিয়ালে থেকে যাবেন, সে ব্যাপারে আমি নিশ্চিত।”
রুশ দলটির সঙ্গে খেলা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভালো খেলছি। কিন্তু আমরা জানি বুধবার আমাদের সামনে কঠিন একটা খেলা অপেক্ষা করছে।”
বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। দলটির পয়েন্ট ৭০, দ্বিতীয় দল বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে দশ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৪ ঘ.
bdnews24