২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবধান বেড়ে গেল মিলান ও জুভেন্টাসের

ভাগ্য সঙ্গে না থাকলে যা হয়, তাই ঘটেছে রোববার জুভেন্টাসের বেলায়। ভালো খেলেও সেরি আয় গোলশূন্য ড্র করতে হয় জেনোয়ার সঙ্গে। তিনবার বল ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। একবার বল জালে জড়িয়েও গোল পায়নি, বাতিল করে দেন রেফারি। ফলে তারা আরো খানিকটা পিছিয়ে পড়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল এসি মিলানের চেয়ে। আন্তোনিও নসেরিনো ও জ্লাতন ইব্রাহিমোভিচের গোলে মিলানের দলটি লেসকে হারায় ২-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাগ্য সঙ্গে না থাকলে যা হয়, তাই ঘটেছে রোববার জুভেন্টাসের বেলায়। ভালো খেলেও সেরি আয় গোলশূন্য ড্র করতে হয় জেনোয়ার সঙ্গে। তিনবার বল ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। একবার বল জালে জড়িয়েও গোল পায়নি, বাতিল করে দেন রেফারি। ফলে তারা আরো খানিকটা পিছিয়ে পড়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল এসি মিলানের চেয়ে। আন্তোনিও নসেরিনো ও জ্লাতন ইব্রাহিমোভিচের গোলে মিলানের দলটি লেসকে হারায় ২-০ ব্যবধানে। কমিউনাল লুইগি ফেরারিসে খেলার দশ সেকেন্ডেই গোল খেতে বসেছিল জুভেন্টাস। কিন্তু তা রক্ষা করেন গোলরক্ষক গিয়ানলুইগি বুফোঁ। রদ্রিগো পালাসিওর আকস্মিক শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। প্রথমার্ধে গোলের আরো কয়েকটি সুযোগ পায় উভয় দল। কিন্তু তার একটিকেও কাজে লাগাতে পারেননি খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে ছিল আরো নাটকীয়তা। মিরকো ভুসিনিচের ‘ব্যাক হেড’ ফিরে আসে বারে লেগে। কিছুক্ষণ পর আবারো বেঁচে যায় জেনোয়া, এই ভুসিনিচেরই হাত থেকে। এবার অবশ্য তার শট ফিরে আসে পোস্ট কাঁপিয়ে। গোল পাওয়া কিন্তু উচিত ছিল সিমোন পেপের। অত্যন্ত কাছ থেকে ফ্রি-কিক নেন তিনি। কিন্তু এবারো কাজের কাজ কিছুই হয়নি। বল গিয়ে আঘাত হানে পোস্টে। কিছুক্ষণ পরই বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন পেপ। কিন্তু রেফারি অফসাইড দেখিয়ে নাকোচ করে দেন তা। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, গোল দেয়ার সময় অফসাইডে ছিলেন না তিনি। সান সিরোয় নসেরিনো তার গোলটি করেন খেলার সাত মিনিটে। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান ইব্রাহিমোভিচ। দিনের অন্যান্য খেলায় কাতানিয়া ১-০ গোলে ফিওরেন্টিনা, সিয়েনা ২-০ গোলে সেসনাকে, বোলোনা ৩-১ গোলে লাৎসিওকে ও নোভারা ১-০ গোলে উদিনেসকে হারায়। এছাড়া আটলান্টার ও পার্মার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। তালিকার শীর্ষ দল মিলানের পয়েন্ট ২৭ খেলায় ৫৭। চার পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় দল জুভেন্টাস। তৃতীয় দল লাৎসিওর পয়েন্ট ৪৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৬ ঘ.