২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে ৫টি ওয়াইল্ড কার্ডের প্রত্যাশায় বিওএ

লন্ডন অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নামক দাক্ষিণ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কারণ এবারো অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নামক দাক্ষিণ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কারণ এবারো অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অলিম্পিক আয়োজকদের কাছ থেকে অন্তত ৫টি ওয়াইল্ড কার্ড পাওয়ার আশা করছে বিওএ। বিওএ’র মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালীউল্ল¬াহ এ ব্যাপারে দারুণ আশাবাদী। তিনি বলেন, “এতো দিন নিজেদের ইচ্ছামতো ওয়াইল্ড কার্ড পাঠাতো অলিম্পিক কর্তৃপক্ষ। এবার তারা আমাদের মতামত জানতে চেয়েছে। আমরা ৫টি খেলায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছি। আশা করি তারা আমাদের হতাশ করবে না।” আগামী ২৭ জুলাই পর্দা উঠবে লন্ডন অলিম্পিকের। গত মাসে অলিম্পিক আয়োজকদের কাছে খেলোয়াড়দের নামের তালিকা পাঠায় বিওএ। এ ব্যাপারে এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতে আয়োজকদের সিদ্ধান্ত জানা যাবে। এবারের অলিম্পিকে শ্যুটিং, আরচারি, বক্সিং, জিমন্যাস্টিকস এবং মহিলা তায়কোয়ান্দোতে অংশ নিতে আগ্রহী বিওএ। শ্যুটিংয়ে মেয়েরা ভালো করছে বলে প্রথম পছন্দ হিসেবে তাদের নামই পাঠানো হয়েছে। শারমিন আক্তার রতœা, শারমিন আক্তার ও তৃপ্তি দত্তের পাশাপাশি দোহায় অনুষ্ঠিত এশিয়ান শ্যুটিংয়ে ভালো করায় সৈয়দা সাদিয়া সুলতানার নামও পাঠিয়ে দিয়েছে বিওএ। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোয় বক্সার সুরুজ বাঙালীকেও বিওএ লন্ডনে পাঠাতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করায় মহিলা তায়কোয়ান্দোও রয়েছে এই তালিকায়। ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে নিয়মিত অংশ নিয়ে আসছে বাংলাদেশ। সর্বশেষ তিনটি আসরে বাংলাদেশ ৩টি খেলায় অংশ নিয়েছিলো। বিওএ’র প্রত্যাশা পূরণ হলে লন্ডনেই সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নেয়ার সুযোগ পাবে বাংলাদেশের অলিম্পিক-ইতিহাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.