ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর পর দুই খেলায় হেরে টটেনহ্যাম হটস্পারের প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেমে গেছে আগেই। এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও হুমকির মুখে পড়েছে, শনিবার রাতে এভারটনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায়। অথচ কয়েক সপ্তাহ আগেও হ্যারি রেডন্যাপের দল সমান তালে পাল্লা দিয়ে চলছিল ম্যানচেস্টারের দুই দল সিটি ও ইউনাইটেডের সঙ্গে।
প্রিমিয়ার লিগে দিদিয়ের দ্রগবার শততম গোলের সুবাদে একই ব্যবধানে দশ জনের স্টক সিটির বিপক্ষে জিতে স্পার ও আর্সেনালকে চাপে ফেলে দিয়েছে চেলসি। আর সান্ডরল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার ক্ষীণ আশাও বলতে গেলে নিভে গেছে লিভারপুলের।
স্পার ২৮ খেলায় ৫৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার তৃতীয় স্থানে। সমান খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। আর্সেনালেরও পয়েন্ট ৪৯। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে তারা। হাতেও আছে আবার এক খেলা।
রাতের অন্যান্য খেলায় বোল্টন ওয়ান্ডারার্স ২-১ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে, অ্যাস্টন ভিলা ১-০ গোলে ফুলহ্যামকে ও ব্ল্যাকবার্ন রোভার্স ২-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারায়।
গুডিসন পার্কে এভারটনের পক্ষে জয়সূচক গোলটি করেন নিকিসা জেলাভিচ, খেলার ২২ মিনিটে। কিন্তু গোলটি প্রায় শোধ করেই ফেলেছিল স্পার। খেলার শেষ দিকে এভারটনের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় লুইস সাহার শট ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে।
আক্ষরিক অর্থেই দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলে স্পার। রীতিমতো চেপে ধরে স্পারকে। কিন্তু গোলের খেলা ফুটবলে গোল ধরা দেয়নি তাদের কাছে।
এর আগের দুই খেলায় স্পার হার মানে ঘরের মাঠে ইউনাইটেডের কাছে। আর আর্সেনালের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে।
শিরোপার দৌড় আবারো শুরু হতে যাচ্ছে রোববার। সিটি অতিথি হয়ে খেলতে যাবে সোয়ান্সি সিটির মাঠে। তাদের প্রতিবেশী ইউনাইটেড স্বাগত জানাবে ওয়েস্ট ব্রমউইচকে।
সিটি ২৭ খেলায় ৬৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় দ্বিতীয় দল ইউনাইটেডের পয়েন্ট ৬৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৭ ঘ.
bdnews24