ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়েই ‘শতক’ উদ্যাপন করলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। যদিও খেলার শুরুতে পিছিয়ে পড়েছিল তার দল। তারপরও ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের ওপর ভর করে লা লিগায় শনিবার রিয়াল বেটিসকে হারায় তারা ৩-২ গোলে। সেই সঙ্গে চির-প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে যায় ১৩ পয়েন্ট।
দিনের অন্যান্য খেলায় রিয়াল সোসিয়েদাদ ৩-০ গোলে রিয়াল জারাগোজাকে, মালাগা ১-০ গোলে লেভান্তেকে ও স্পোর্টিং গিজন সমান গোল ব্যবধানে সেভিয়াকে হারায়।
বার্সেলোনার কাছে ডিসেম্বরে ৩-১ গোলে হারার পর রিয়ালের কোচ হিসেবে মরিনহোর শততম ম্যাচে তাকে লিগে টানা এগারোতম জয় উপহার দেন তার ছেলেরা।
বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে খেলার দশ মিনিটে জর্জ মলিনার গোলে এগিয়ে যায় বেটিস। বাঁ-প্রান্ত থেকে আড়াআড়িভাবে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে রুবেন ক্যাস্ত্রো তা ঠেলে মলিনার গতি পথে। চলন্ত বলেই প্রচণ্ড শট নেন তিনি। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পাশ দিয়ে বল আশ্রয় নেন জালের উপড়ের দিকে।
পনেরো মিনিট পরই রিয়ালকে খেলায় ফেরান গঞ্জালো হিগুয়াইন। মেসুত ওজিলের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন তিনি।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
কিন্তু দ্বিতীয়ার্ধের সাত মিনিটে খুব কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো।
তিন মিনিট পরই অবশ্য সেই গোল শোধ করে দেন বেটিসের জেফারসন মন্তেরো। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কর্নার বিপদ-মুক্ত করতে গিয়েও পারেননি আলভারো আরবেলোয়া। বল চলে যায় মন্তেরোর পায়ে। সুযোগটি হেলায় হারাননি তিনি।
জয় সূচক গোলটিও আসে রোনালদোর পা থেকে, খেলার ৭৩ মিনিটে। এক সতীর্থের কর্নারে ‘হেড’ করেন সার্জিও রামোস। কিন্তু চমৎকার দক্ষতায় বেটিস গোলরক্ষক তা রক্ষা করলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি বল, চলে যায় রোনালদোর কাছে। এ রকম সহজ সুযোগ হাতছাড়া করার পাত্র নন রোনালদো।
এই দুটো নিয়ে লা লিগায় ৩২ গোল করে গোলদাতাদের তালিকায় সবার ওপড়ে আছেন পর্তুগালের এই খেলোয়াড়। টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি আছেন তার চার গোল পেছনে।
রিয়াল ২৬ খেলায় ৭০ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। দ্বিতীয় দল বার্সেলোনার পয়েন্ট ৫৭।
তবে রোববার পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার সুযোগ পাচ্ছে পেপ গার্দিওলার দল। সেদিন রেসিং সান্তান্দারের মাঠে অতিথি হয়ে খেলতে যাবে তার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৬ ঘ.
bdnews24