২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার প্যানেল নিয়ে অন্ধকারে সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সমঝোতার প্যানেল হবে কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত নন কাজী সালাউদ্দিন। এ ব্যাপারে বাফুফে সভাপতি এখনও অন্ধকারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সমঝোতার প্যানেল হবে কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত নন কাজী সালাউদ্দিন। এ ব্যাপারে বাফুফে সভাপতি এখনও অন্ধকারে। আগামী ২৮ এপ্রিল বাফুফের নির্বাচন। কিছু দিন ধরে শোনা যাচ্ছে এবারের নির্বাচনে সমঝোতার প্যানেল হতে পারে। বাফুফের নির্বাহী কমিটির সভাতেও সেই প্রস্তাব করেছিলেন সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য হারুনুর রশিদ। কিন্তু এখন নির্বাচনে বিভিন্ন মেরুকরণের কথা শোনা যাচ্ছে। যদিও সমঝোতার প্যানেল করার জন্য বেশ কয়েকটি সভা করেছেন সালাউদ্দিন, বাদল রায়সহ কয়েক জন ফুটবল কর্মকর্তা। তবে সভাগুলো থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সালাউদ্দিন বলেন, “আমি এখনও নিশ্চিত নই সমঝোতার প্যানেল হবে কিনা। সমঝোতা হলে ভালোই হতো।” বাফুফের গত নির্বাচনে সালাউদ্দিনের নেতৃত্বে একটি প্যানেল এবং বাদল রায় ও হারুনুর রশিদের নেতৃত্বাধীন আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিলো। সমঝোতা না হলে এবারও তেমন পরিস্থিতি দাঁড়াতে পারে। সভাপতি পদে সালাউদ্দিন যে আবার নির্বাচন করবেন তা অনেকটাই নিশ্চিত। কিন্তু তার বিরুদ্ধে দাঁড় করানোর মতো যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না বিরোধীরা। গত নির্বাচনে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আমিন চৌধুরীকে বিপুল ব্যবধানে হারিয়েছিলেন সালাউদ্দিন। সেই বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছেন সালাউদ্দিন-বিরোধীরা। মূলত মেরুকরণ চলছে পাঁচটি সহ-সভাপতি ও সদস্য পদগুলোতে। সহ-সভাপতি পদগুলোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বর্তমান কমিটির সদস্য গোলাম রাব্বানি হেলাল এরই মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি গতবার সালাউদ্দিনের প্যানেলে নির্বাচন করেছিলেন। বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাধুবাদই জানাচ্ছেন হেলালের সিদ্ধান্তকে। তিনি বলেন, “নির্বাচনে অংশ নেয়ার অধিকার প্রত্যেকের আছে। বিষয়টিকে আমি আন্তরিকভাবেই গ্রহণ করছি।” বাফুফের এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২৯। এর মধ্যে ৬৪টি জেলা এবং ৭ বিভাগীয় ফুটবল সংস্থার ভোট। বাকিগুলো ক্লাব ও বিভিন্ন সংস্থার। জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থার নির্বাচন অবশ্য শুরু হয়ে গেছে এরই মধ্যে। আগামী ১৮ মার্চের মধ্যে এই নির্বাচন শেষ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪০ঘ.