ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন স্বীকার করেছেন যে, ইউরোপা লিগের শেষ ষোলোয় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ‘ভালোভাবেই হেরেছে’ তার দল।
ওয়েন রুনির জোড়া গোল ও ডেভিড গেয়ার চমৎকার খেলার ফলে দুই ম্যাচের লড়াইয়ে এখনো অবশ্য টিকে আছে ইউনাইটেড। কিন্তু স্যার অ্যালেক্স স্বীকার করেন, মোটেও ভালো খেলতে পারেনি তার রক্ষণভাগ।
“আমাদের ভালোভাবেই হারিয়েছে বিলবাও, তারা আসলেও চমৎকার খেলেছে,” বলেন ফার্গুসন, “আমাদের রক্ষণভাগ খুব একটা ভালো খেলতে পারেনি। এর ফলে আমাদের সব সময় থাকতে হয় ব্যাক-ফুটে।”
তারপরও ৭০ বছর বয়সী ফার্গুসন প্রয়োজনীয় ব্যবধানে জেতার আশা করছেন ফিরতি খেলায়। যদিও প্রতিপক্ষের মাঠে তিন গোল দেয়ার সুবিধা নিয়ে ফিরতি খেলায় মাঠে নামবে বিলবাও।
“আমাদের আক্রমণ ছিল চমৎকার। আগামী সপ্তাহে বিলবাওয়ের মাঠে আমরাও জিততে পারি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। কেননা আমরাও দেখিয়েছি যে, তাদের বিপক্ষে আমরাও গোলের সুযোগ সৃষ্টি করতে পারি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫০ ঘ.
bdnews24