ঢাকা, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো দলই আর নেই, প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে রয়েছে কেবল ম্যানচেস্টারের চির-প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাও চলছে তাদের মধ্যে, পার্থক্য মাত্র দুই পয়েন্টের। কিন্তু বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে দুই দলকেই নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে, অন্তত কাগজে-কলমে তাদের চেয়ে দুর্বল শক্তির প্রতিপক্ষরা।
শেষ ষোলোয় নিজেদের প্রথম খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হার মেনেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কুশলী ফুটবলের কাছে। আর ম্যানচেস্টার সিটি হেরে গেছে স্পোর্টিং লিসবনের কাছে ১-০ গোলে। রক্ষণভাগের খেলোয়াড় জান্দাওয়ের গোলটিই খেলা শেষে পর্যাপ্ত বলে প্রতীয়মান হয়।
ইংল্যান্ডের ক্লাবের জন্য বিষন্নের হলেও স্পেনের জন্য রাতটা ছিল আনন্দের। ভালেন্সিয়া ঘরের মাঠে পিএসভি ইন্ডহোভেনের বিপক্ষে জেতে ৪-২ গোলে। আর ৩-১ গোলে বেসিকতাসকে হারায় আতলেটিকো মাদ্রিদ।
লুক ডে জংয়ের পেনাল্টি গোলের ওপর ভর করে এফ সি টোয়েন্টি ১-০ ব্যবধানে জেতে শালকের বিপক্ষে। একই গোল ব্যবধানে উইক্রেনের মেটালিস্ট খারখিভকে হারায় অলিম্পিয়াকোস পাইরায়েউস। সব ধরনের প্রতিযোগিতায় গ্রিক চ্যাম্পিয়নদের টানা এই নবম জয় উপহার দেন ডেভিড ফুস্টার, খেলার দ্বিতীয়ার্ধে।
এজেড আল্কমার ২-০ গোলে উদিনেসকে হারালেও স্টান্ডার্ড লিয়েগে ও হ্যানোভারের খেলা অমীমাংসিতভাবে শেষ হয় ২-২ গোলে।
ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে শুরুতেই মাঠ দখলে নিয়ে নেয় বিলবাও। ইংল্যান্ডের দলটির অর্ধেই বল ছিল বেশিরভাগ সময়।
যদিও খেলার ধারার বীপরিতে ওয়েন রুনির গোলে এগিয়ে যায় এগিয়ে যায় ইউনাইটেড ২১ মিনিটে। তারপরও থেমে থাকেনি বিলবাওয়ের আক্রমণ। সৃষ্টি করে গোলের বেশ কয়েকটি সুযোগ। এর ফলও পায় তারা হাতেনাতে।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে গোল শোধ করে দেন ফার্নান্দো লরেন্তে তোরেস। মার্কেল সুসায়েতার আড়াআড়িভাবে দেয়া বলে পচণ্ড শট নেন তিনি। বলও ঠিকানা খুঁজে নেয় জালে।
খেলার ৭২ মিনিটে ইউনাইটেডের আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আন্দের হেরেরা বল পাঠিয়ে দেন একেবাবে ভেতরে। দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে প্রথম শটেই সেই বল জালে পাঠিয়ে দেন অস্কার ডি মার্কোস।
গোল ব্যবধান ৩-১ এ নিয়ে যান ইকার মুনিয়াইন, খেলার ৯০ মিনিটে।
তবে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধান কমিয়ে আনেন রুনি।
লিসবনে সিটির বিপক্ষে ‘ব্যকহিল’ করে জয়সূচক গোলটি দেন স্পোর্টিংয়ের রক্ষণভাগের খেলোয়াড় জান্দাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৩ ঘ.
bdnews24