ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল এবারই প্রথম। বুধবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমনই এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি। সেই সুবাদে শেষ ষোলর ফিরতি লেগের খেলায় নিজেদের মাঠে বার্সেলোনা জিতেছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে।
এদিন আরো একটি রেকর্ড ছুঁয়েছেন মেসি। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি ১২ গোল করা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রুদ ভন নিস্টলরয়ের পাশে এখন তিনি। আর মোট ৪৯ গোল নিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।
এ সপ্তাহে যেন অন্য গ্রহের খেলোয়াড় হয়ে গেছেন মেসি। গত বুধবার সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকার। মাঝে ছয় দিন (যদিও পাঁচবার হলুদ কার্ড দেখায় লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে শনিবার মাঠে নামতে পারেননি মেসি)। মাঠে নেমে ক্লাবের হয়ে এবার গোল বন্যায় ভাসালেন প্রতিপক্ষকে। এক সপ্তাহে দুই ম্যাচে ৮ গোল!
সব মিলিয়ে এই মৌসুমে বার্সেলোনার হয়ে এরই মধ্যে করে ফেলেছেন ৫০ গোল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১১ ঘ.
bdnews24