২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার প্রথম হার

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ব্রাদার্স জিতেছে ২-১ গোলে। লিগে এটি মুক্তিযোদ্ধার প্রথম হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ব্রাদার্স জিতেছে ২-১ গোলে। লিগে এটি মুক্তিযোদ্ধার প্রথম হার। আগের ম্যাচে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে চমক দেখিয়েছিলো ব্রাদার্স। এবার মুক্তিযোদ্ধাকে হারিয়ে আরো বড় চমকই শুধু দেখায়নি, শিরোপার লড়াইয়ে ফেরারও ইঙ্গিত দিয়েছে। এই জয়ে অষ্টম স্থান থেকে এক লাফে পঞ্চম স্থানে উঠে এসেছে গোপীবাগের দলটি। ছয় ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। হেরে গেলেও মুক্তিযোদ্ধার শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে। সমান ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ম্যাচের ২৩ মিনিটে জাহিদ হাসান এমিলির লক্ষ্যভেদ এগিয়ে দেয় মুক্তিযোদ্ধাকে। নাসিরের ক্রসে দুর্দান্তহেডে এমিলি জালে জড়িয়ে দেন বল (১-০)। একটি গোল পেয়েই মুক্তিযোদ্ধা খোলসবন্দী হয়ে পড়ে। আর গোল খেয়ে ব্রাদার্স উজ্জীবিত হয়ে ওঠে। আক্রমণের পর আক্রমণ করে মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে নাজেহাল করে তোলে তারা। ব্রাদার্স এর সুফল পেয়েছে ম্যাচের ৬৪ মিনিটে। নাইজেরীয় স্ট্রাইকার কিংসলের গোলে সমতায় ফেরে তারা। স্বদেশী মিডফিল্ডার জোসুয়ার হেড থেকে পাওয়া বলে অসাধারণ ভলিতে মুক্তিযোদ্ধার জালে বল জড়িয়ে দেন কিংসলে (১-১)। দশ মিনিট পর ব্রাদার্সকে এগিয়ে দেন জোসুয়া। ডি-বক্সের চার-পাঁচ গজ বাইরে থেকে আচমকা এক শটে মুক্তিযোদ্ধার গোলরক্ষক ওমর শিরিফ রিয়াদকে পরাস্ত করেন তিনি (২-১)। এই গোলটিই শেষ পর্যন্ত ব্রাদার্সের জয় নিশ্চিত করে। এই জয়ের পর ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমউদ্দিন শিরোপার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, “আমরা লিগে চ্যাম্পিয়ন হতে চাই। চাই এএফসি প্রেসিডেন্ট কাপে খেলতে। অবশ্য কাজটা কঠিন। কিন্তু ইতোমধ্যেই প্রমাণ করেছি, আমরা পারবো।” মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক এই হারের জন্য রেফারিকে দুষেছেন। তিনি বলেন, “রেফারির অনেক ভূমিকা রয়েছে আমাদের এই হারের পেছনে। অফসাইডের অজুহাতে আমাদের একটি গোল বাতিল করে দিয়েছেন তিনি। অবশ্য আমাদের দলও স্বাভাবিক খেলা খেলতে পারেনি।” বিজেএমসির জয় টাঙ্গাইল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বিজেএমসি ২-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে বিপ্ল¬ব এবং আলফাজ আহমেদ একটি করে গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৬ঘ.