২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেলে ও মারাদোনার কাতারের খেলোয়াড় মেসি’

লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে বেয়ার লেভারকুসেনের ক্রীড়া বিষয়ক পরিচালক রুডি ফলার বলেছেন, পেলে ও দিয়েগো মারাদোনার সমমানের খেলোয়াড় মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে বেয়ার লেভারকুসেনের ক্রীড়া বিষয়ক পরিচালক রুডি ফলার বলেছেন, পেলে ও দিয়েগো মারাদোনার সমমানের খেলোয়াড় মেসি। বার্সেলোনার আক্রমণভাগের এই খেলোয়াড়ের পাঁচ গোলের সুবাদে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ৭-১ গোলে বেয়ার লেভারকুসেনকে নাকাল করে তার দল। প্রতিযোগিতার এক খেলায় এই প্রথম পাঁচ গোল করলেন কোনো খেলোয়াড়। “শুধু মাত্র তার আজকের (বুধবার) পাঁচ গোলের জন্য নয়, কয়েক বছর ধরে তিনি তার মান দেখিয়ে যাচ্ছেন, ” বলেন ফলার, “তিনি এখন পেলে ও মারাদোনার মানের খেলোয়াড়।” তিনি বলেন, “ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রাখতে আপনি মেসির পায়ের ওপর ভরসা রাখতে পারেন।” চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি খেলায় নু ক্যাম্পে বার্সেলোনার কাছে তার দল অসহায় আত্মসমর্পণ করে বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন, “দ্বিতীয়ার্ধে বার্সা আমাদের স্রেফ শেষ করে দিয়েছে।” “লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সা দশ পয়েন্ট পিছিয়ে থাকতে পারে, কিন্তু তারাই এই মুহূর্তে বিশ্বের সেরা দল,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০