ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খলা শুরুর মাত্র তিন মিনিটেই গোল করেন এএস রোমার ফ্যাবিও বোরিনি। শেষ পর্যন্ত তার এই গোলটিই পর্যাপ্ত বলে প্রতীয়মান হয়। পালের্মোর বিপক্ষে সেরি আয় শনিবার রোমের দলটি জেতে ওই ১-০ গোলে।
পালের্মোর মাঠ রেনজো বারবেরায় এরিক লামেলার কাছ থেকে বল পেয়ে দশ মিটার দূর থেকে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে আঘাত হানেন বোরিনি।
পুরো খেলায় অতিথিরা গোল ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি তার একটাও।
এই জয়ের ফলে ৪১ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানকে টপকে তালিকার ষষ্ঠ স্থানে উঠে গেল রোমা। আগের দিন শুক্রবার শিয়েভো ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে রোমাকে পেছনে ফেলেছিল ইন্টার। দলটির পয়েন্ট এখন ৪০।
‘মার্কার’কে বোকা বানিয়ে চমৎকার একটি সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি লামেলা। তার শট সরাসরি চলে যায় পালের্মো গোলরক্ষক ইমিলিয়ানো ভিভিয়ানোর হাতে।
খেলার দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিলেন বোরিনিও। কিন্তু তার শট বেরিয়ে যায় ক্রসবারে হাওয়া লাগিয়ে।
প্রথমার্ধের তুলনায় ঘরের ছেলেরা অনেক ভালো খেলে দ্বিতীয়ার্ধে। কিন্তু রোমা গোলরক্ষক বোগদান লোবোন্তকে ফাঁকি দেয়ার পথ খুঁজে পাননি তারা। খেলা শেষের বাঁশি বাজার পাঁচ মিনিট আগে প্রচণ্ড শট নিয়েছিলেন ইজিকুয়েল মুনোজ। কিন্ত অ্যাক্রোবেটিক কায়দায় তা রুখে দেন লোবোন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২৮ ঘ.
bdnews24