ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও বুধবার ৩-১ গোলে স্টেভেনাগেকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার।
হোয়াইট হার্ট লেনে লিগ ওয়ানের দল স্টেভেনাগে খেলার চার মিনিটেই এগিয়ে যায় জোয়েল বাইরোমের পেনাল্টি গোলে। স্পারের নিউজিল্যান্ডের খেলোয়াড় রায়ান নেলসন অবৈধভাবে বাইরোমকে মাটিতে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
এর আগে উভয় দলের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল।
ইংল্যান্ড দলের আক্রমণভাগের খেলোয়াড় জার্মেইন ডিফো স্পারকে খেলায় ফেরান ২৬ মিনিটে। গ্যারেথ বেলের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ইমানুয়েল আদেবায়োর পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন স্পারকে। বেলকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান আদেবায়োর।
খেলার ১৫ মিনিট বাকি থাকতে বেলের থ্রো থেকে বল পেয়ে যান ডিফো। সঙ্গে সঙ্গে তীব্র শট নেন তিনি। সেই সঙ্গে খেলার ফলাফলও নিয়ে যান সন্দেহের বাইরে।
আটবারের এফএ কাপ বিজয়ী স্পার কোয়ার্টার-ফাইনাল খেলবে বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৮ ঘ.
bdnews24