ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়ে যাত্রা শুরু করলেন চেলসির অন্তবর্তীকালীন কোচ রবার্তো ডি মাত্তেও। এফএ কাপের পঞ্চম পর্বে মঙ্গলবার লিগ চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহামকে হারায় তার দল ২-০ গোলে। সেই সঙ্গে উঠে যায় প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে।
সেন্ট অ্যান্ড্রুসে প্রথমার্ধে চেলসি নিজেদের ছায়া হয়ে থাকলেও স্বরূপে ফেরে দ্বিতীয়ার্ধে। গোলও আদায় করে নেয় তারা এই অর্ধে। খেলার ৫৪ মিনিটে ডান প্রান্ত থেকে আড়াআড়িভাবে প্রতিপক্ষের বক্সে লম্বা করে বল ফেলেন ব্রাজিলের রামিরেস। অত্যন্ত কাছ থেকে সেই বল জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি হুয়ান মাতার।
ছয় মিনিট পর ব্যবধান বাড়ান রাউল মেইরলেস। ব্রানিস্লাভ ইভানোভিচের কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে ডান পায়ে প্রচণ্ড শট নেন তিনি। বল ঠিকানা খুঁজে নেয় জালে।
ফার্নান্দো তোরেসকে ফাউল করায় ৬৯ মিনিটে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু গোল করতে পারেননি মাতা। এতে অবশ্য খেলার ফলাফলে কোনো হেরফের হয়নি।
কোয়ার্টার-ফাইনালে ১৮ মার্চ চেলসি খেলবে আরেকটি লিগ চ্যাম্পিয়নশিপের দল লিচেস্টার সিটির সঙ্গে।
আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করার পর ডি মাত্তেওর হাতে তুলে দেয়া হয় চেলসির দায়িত্ব। এ মৌসুমের শেষ পর্যন্ত তার এই দায়িত্ব পালন করার কথা।
এর আগে এই দুই দলের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৯ ঘ.
bdnews24