ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজির দর ছিল ৩৩-১। তারপরও ‘মিশন ইম্পসিবল’কে প্রায় সম্ভব করে ফেলেছিল আর্সেনাল। মঙ্গলবার ৩-০ গোলে নাকালও করে তারা এসি মিলানকে। তারপরও বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। পক্ষান্তরে দুই খেলা মিলে ৪-৩ গোলে এগিয়ে থাকায় মিলান উঠে যায় কোয়ার্টার ফাইনালে।
প্রথম খেলায় আর্সেনাল হার মেনেছিল ৪-০ গোলে।
এছাড়া মোট ৪-৩ গোলে এগিয়ে থাকায় বেনফিকা জায়গা করে নেয় শেষ আটে। প্রথম খেলায় ৩-২ গোলে হেরে গেলেও ফিরতি খেলায় জেনিতের বিপক্ষে জেতে তারা ২-০ ব্যবধানে।
লন্ডনে নিজেদের মাঠে লরাঁ কসিয়েলনির গোলে খেলার সাত মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এক সতীর্থর কর্নার কিক জালে পাঠান তিনি মাথা দিয়ে। সে সময় মিলানের রক্ষণভাগের কারো নজরই ছিল না তার প্রতি। ফলে বুঝশুনে মাথার ব্যবহার করতে কোনো অসুবিধা হয়নি তার।
আবারো মিলানের রক্ষণভাগের ভুলের পুরো ফায়াদা লোটেন টমাস রসেস্কি ১৯ মিনিট পর। ঠিক মতো ‘ক্লিয়ার’ করতে না পারায় বল চলে যায় রসেস্কির কাছে। কারো নজর না থাকায় তিনিও দেখেশুনে বল ঠেলে দেন প্রতিপক্ষের জালে।
খেলার ৪৩ মিনিটে বল নিয়ে ডিজামেল মেসবাহ ও আন্তোনিও নসেরিনোর মাঝখান দিয়ে ভেতরে ঢোকার সময় অ্যালেক্স ওক্স্যাড-চেম্বারলিনকে ফাউল করেন মেসবাহ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রবিন ভন পার্সির শট আশ্রয় নেয় জালের উপরের দিকে।
মোট গোল সংখ্যা তো প্রায় সমান সমানই করে ফেলেছিলেন তিনি ৫৯ মিনিটে। গারভিনহোর শট একজন খেলোয়াড়ের গায়ে লেগে গোলপোস্টে প্রায় ঢুকেই যাচ্ছিল। গোলরক্ষক ক্রিস্টিয়ান আব্বিয়াতি সেই বল কোনোমতে ঠেকিয়ে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল চলে যায় পার্সির কাছে। তিনিও শট নেন। কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে।
এই তিন গোলে এগিয়ে থেকে রিবতিতে যায় আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত খেলায় আর কোনো গোল হয়নি।
এর কারণও ছিল। দুই গোলপোস্টের দুই প্রহরী অবতীর্ণ হয়েছিলেন ত্রাতার ভূমিকায়। ফলে দুই দলেরই আক্রমণভাগের সব প্রচেষ্টাই ভেস্তে যায়।
এর আগে ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি খেলায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মিলান মাঠে নেমেছিল ৪-১ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত খেলায় তারা হার মানে ৪-০ গোলে। ফলে সেমিফাইনালে উঠে যায় দেপোর্তিভো।
পরের মৌসুমে লিভারপুলের বিপক্ষে ফাইনালে মিলান প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে এই তিন গোল গুনে গুনে শোধ করে দেয় ইংল্যান্ডের দলটি।
শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জিতে নেন লিভারপুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৪ ঘ.
bdnews24