ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্রাজিলের কাছে ক্ষমা চাইলেন ফিফার মহাসচিব জেরম ভালকে।
ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলোকে লেখা এক চিঠিতে ভালকে বলেন, “আমার মন্তব্যের কারণে যারা দুঃখ পেয়েছেন তাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি।”
গত সপ্তাহে ভালকে বলেছিলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজে গতি আনার জন্য ব্রাজিলের পেছনে লাথি মারা উচিৎ।
পরে ফিফার মহাসচিব জানান, ফরাসী ভাষায় বলা তার ওই মন্তব্যের ভুল অর্থ করা হয়েছে। তিনি আসলে কাজের গতি বাড়ানোর কথা বোঝাতে চেয়েছিলেন। কিন্তু পর্তুগিজ ভাষায় তা অনুবাদ করার সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
শনিবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে ভালকের মন্তব্যের কড়া সমালোচনা করে বলা হয়েছিলো, তাকে ফিফা বা বিশ্বকাপের আয়োজকদের মধ্যে আর দেখতে চায় না দেশটি।
ব্রাজিলের সংবাদ মাধ্যম জানিয়েছে, ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে একটি চিঠি পাঠিয়েছেন রেবেলো। চিঠিতে ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী বলেন, ভালকের মন্তব্যের কারণে তারা আতঙ্কিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫১ঘ.
bdnews24