ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন। প্রথম লেগ লেভারকুসেনের মাঠ থেকে ৩-১ গোলে জিতে আসায় বর্তমান চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিতই বলা যায়।
২০০৯ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে হারেনি বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা আসরে সর্বশেষ ১৩ ম্যাচের ১১টিতেই জিতেছে পেপ গার্দিওলার দল। বাকি দুই ম্যাচ অমীমাংসিত ছিলো। অন্যদিকে গত এক দশকে চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে একটি ম্যাচেও জিততে পারেনি জার্মান ক্লাব লেভারকুসেন।
চোটের কারণে বুধবার খেলতে পারবেন না প্রথম লেগে দুই গোল করে বার্সার জয়ের নায়ক অ্যালেক্সিস সানচেজ। একই কারণে মাঠের বাইরে থাকতে হবে ডিফেন্ডার এরিক আবিদালকেও।
বুধবারের অন্য ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের লিওঁ এবং সাইপ্রাসের অ্যাপোয়েল। প্রথম লেগে লিওঁ নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৩ঘ.
bdnews24