ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচী। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা ৩টায় কর্মসূচীর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
সারা দেশ থেকে ২০টি খেলার বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রথম ধাপে আছে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিক্স ও কাবাডি।
প্রাথমিকভাবে ১৭৫ জন ক্ষুদে ক্রীড়াবিদকে বাছাই করা হয়েছে। হ্যান্ডবলের ৩৬, ফুটবলের ৪০, ভলিবলের ৪০, অ্যাথলেটিক্সের ২৪ এবং কাবাডির ৩৫ জনকে নিয়ে তিন দিন স্থায়ী ক্যাম্প হবে।
এরপর ক্যাম্প থেকে চূড়ান্ত দল গঠন করা হবে। চূড়ান্ত দলে সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের নিয়ে ২১ দিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প হবে।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সচিব মাহবুব আহমেদ, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুল ফজল বুলবুল, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৬ঘ.
bdnews24