ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব¬্যাটার মঙ্গলবার ঢাকায় আসছেন। দিল্লি থেকে ব্যক্তিগত বিমানে বেলা ১২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।
ফিফা সভাপতির সঙ্গে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ভারপ্রাপ্ত সভাপতি ঝ্যাং জিলং এবং ফিফার উর্ধ্বতন কর্মকর্তারাও আসবেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন ব্ল্যাটার। এর আগে ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন উপলক্ষ্যে ঢাকায় এসেছিলেন তিনি।
মঙ্গলবার বিকেল ৪টায় বাফুফে ভবনে যাবেন ফিফা সভাপতি। প্রথমে বাফুফের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর বিকেল পৌনে ৫ টায় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন।
বিকেল ৫ টায় আরামবাগ বালুর মাঠে বসানো কৃত্রিম টার্ফেরও উদ্বোধন হবে ফিফা সভাপতির হাত ধরে। বাফুফে ভবনে ফিরে বোতাম টিপে সিলেট বিকেএসপিতে হওয়া বাফুফের প্রথম ফুটবল অ্যাকাডেমিরও উদ্বোধন করবেন তিনি।
এরপর সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ব্ল¬্যাটার। রাত ৮টায় সোনারগাঁও হোটেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন।
ব্ল্যাটারের এবারের ঢাকা সফর সম্পর্কে বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “ফিফা সভাপতি দক্ষিণ এশিয়া সফরে এসেছেন। তারই অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। এটি পূর্ব নির্ধারিত সফর।”
“এবারের ঢাকা সফরে তিনি বাংলাদেশের ফুটবল পর্যবেক্ষণ করবেন, বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবেন,” যোগ করেন তিনি।
ব্ল্যাটারের কাছ থেকে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার সালাম মুর্শেদী বলেন, “তার কাছে আমাদের চাওয়ার কিছু নেই। তবে অনেক কিছু পাওয়ার আশা করছি। তিনি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণাও দিতে পারেন।”
বুধবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ব্ল্যাটারের ঢাকা ছেড়ে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৪ঘ.
bdnews24