২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্রামোভিচের চোখ মরিনহোর দিকে

চেলসি মালিক রোমান আব্রামোভিচ এবার সম্ভবত সন্ধি করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর সঙ্গে। আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করার পর কোচ হিসেবে তিনি তার ক্লাবের দায়িত্ব তুলে দিতে চাইছেন তারই হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসি মালিক রোমান আব্রামোভিচ এবার সম্ভবত সন্ধি করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর সঙ্গে। আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করার পর কোচ হিসেবে তিনি তার ক্লাবের দায়িত্ব তুলে দিতে চাইছেন তারই হাতে। ওয়েস্ট ব্রমউইচের কাছে হারার ২৪ ঘণ্টা পার না হতেই ভিলাস বোয়াসকে রোববার বরখাস্ত করেন রুশ ধনকুবের আব্রামোভিচ। ১৯৭৯ সালের পর এই প্রথম দলটির কাছে হার মানে ব্লুজরা। এ মৌসুমের শেষ পর্যন্ত অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ভিলাস বোয়াসের সহকারী চেলসির মাঝমাঠের সাবেক খেলোয়াড় রবার্তো মাত্তেও। ২০০৩ সালে চেলসি কিনে নেয়ার পর আব্রামোভিচ ক্লদিও রানিয়েরি, মরিনহো, আব্রাম গ্রান্ট, লুইজ ফেলিপে স্কলারি, কার্লো আনচেলোত্তি ও সর্বশেষ বরখাস্ত করলেন ভিলাস বোয়াসকে। আব্রামোভিচ যেভাবে সাফল্য পেতে চান তাতে চেলসির কোচের দায়িত্ব পালন করা আক্ষরিক অর্থেই যে কোনো কোচের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তবে মরিনহোই একমাত্র ব্যক্তি, যিনি তার এই অসম্ভব চাহিদা পূরণের কাছাকাছি যেতে পারেন। বার্সেলোনার মতো প্রবল প্রতিপক্ষকে টপকে মরিনহো রিয়ালকে নিয়ে গেছেন লা লিগার শীর্ষে। ৬৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে তার দল এই মুহূর্তে এগিয়ে আছে দশ পয়েন্ট। চেলসির মূল কয়েক জন ব্যক্তির সঙ্গে এরই মধ্যে মরিনহোর যোগাযোগ গড়ে উঠেছে বলে বলা হচ্ছে বিভিন্ন খবরে। খেলোয়াড়রাও তাকে পেতে চান স্ট্যামফোর্ড ব্রিজে। দলের সমর্থকদেরও পছন্দ তাকে। মরিনহোকে মঙ্গলবার লন্ডনে দেখা যাওয়ায় তার চেলসির কোচ হওয়ার গুজব ভিন্ন একটা মাত্রা পায়। বিভিন্ন খবরে বলা হয়, কেনার জন্য লন্ডনে তিনি একটি বাড়িরও খোঁজ করছিলেন। মরিনহোর ঘনিষ্ঠরা দাবি করছেন, ইংল্যান্ডে ফিরতেও নাকি প্রস্তুত মরিনহো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৩ ঘ.