ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্ভবত কোচ ক্লদিও রানিয়েরির চাকরিটা বাঁচিয়ে দিলেন দিয়েগো ফোরলান ও দিয়েগো মিলিতো। জেতাতে না পারলেও শেষ ২০ মিনিটে দুই গোল করে সেরি আয় আরেকটি হারের মুখ থেকে বের করে আনেন তারা তাদের দলকে। শেষ পর্যন্ত অবশ্য কাতনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মিলান। সেই সঙ্গে বেরিয়ে আসে টানা পাঁচ ম্যাচ হারার বৃত্ত থেকে।
সান সিরোতে রোববার আলেহান্দ্রো গোমেজ ও মারিয়ানো ইজকো প্রথমার্ধে দুই গোল করে চাকরিটা প্রায় খেয়েই ফেলেছিলেন রানিয়েরির। গোমেজ তার গোলটি করেন ১৯ মিনিটে। আর মারিয়ানো ৩৮ মিনিটে।
এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিসিলিয়ানরা।
ইন্টারের ঘুরে দাঁড়ানোর আগেই স্কোরবোর্ডে আরেকবার দাগ কাটতে পারতো কাতানিয়া। অত্যন্ত সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা।
উল্টো ৭১ মিনিটে একটি গোল শোধ করে দেন ফোরলান। আট মিনিট পর রানিয়েরির মুখে হাসি ফোটান মিলিতো।
স্তাদিও অলিম্পিকোয় খেলার আট মিনিটে এএস রোমার গোলরক্ষক মার্টেন স্টেকেলেনবুর্গকে মাঠ থেকে বের করে দেন রেফারি। এই ধাক্কা শেষ পর্যন্ত আর সামাল দিয়ে উঠতে পারেনি তারা। ফলে লাৎসিওর কাছে হার মানতে হয় তাদের ২-১ গোলে।
গোলরক্ষককে লাল কার্ড দেখিয়েই থেমে যাননি রেফারি, পেনাল্টিও দেন লাৎসিওকে। হার্নানেস গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু আট মিনিট পরই রোমাকে খেলায় ফেরান ফ্যাবিও বোরিনি।
শেষ পর্যন্ত লাৎসিওকে জয় উপহার দেন স্তেফানো মাউরি, খেলার ৬২ মিনিটে।
দিনের অন্যান্য খেলায় নাপোলি ২-১ গোলে পার্মাকে, ফিওরেন্টিনা ২-০ গোলে সেসনাকে, সিয়েনা ৩-০ গোলে কালিয়ারিকে ও বোলোনা ১-০ গোলে নোভারাকে হারায়। এছাড়া লেস ও জেনোয়া ২-২ এবং উদিনেস ও আটলান্টার খেলা গোলশূন্যভাবে শেষ হয়।
ইন্টার ২৬ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার সপ্তম স্থানে। অষ্টম দল কাতানিয়া তাদের চেয়ে পিছিয়ে আছে তিন পয়েন্ট। তবে এক খেলা হাতে আছে দলটির।
লাৎসিও ২৬ খেলায় ৪৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ষষ্ঠ দল রোমা আছে তাদের চেয়ে দশ পয়েন্ট পিছিয়ে। আর শীর্ষ দল এসি মিলানের পয়েন্ট ৫৪। দ্বিতীয় দল জুভেন্টাস তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও এক খেলা হাতে আছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৪ ঘ.
bdnews24