ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগার শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। এসপানিওলকে রোববার ৫-০ গোলে হারায় তার দল। ক্রিস্টিয়ানো রোনালদোও তার গোল সংখ্যা নিয়ে যান ২৯ থেকে ৩০-এ।
সান্তিয়াগো বার্নাব্যুতে গঞ্জালো হিগুয়াইনের কাছ থেকে বল পেয়ে খেলার ২৩ মিনিটে দলকে এগিয়ে নেন পর্তুগালের আক্রমণভাগের খেলোয়াড় রোনালদো। সেই সঙ্গে সব ধরনের প্রতিযোগিতায় তিনি তার গোল সংখ্যা নিয়ে যান ৩৮-এ। গত বছরের ইউরোপিয়ান গোল্ডেন বুট বিজয়ী লিগে গোল করেন ৪০টি।
জার্মানির জাতীয় দলের খেলোয়াড় মেসুত ওজিলের সঙ্গে বল দেয়া-নেয়া করে খেলার ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান সামি খেদিরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর পর কাকার বানিয়ে দেয়া বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ তে নিয়ে যান হিগুয়াইন।
দলের পঞ্চম গোলটির জন্যও ৭৮ মিনিটে হিগুয়াইনকে চমৎকার একটি বল বানিয়ে দেন কাকা। সুযোগটি হেলায় নষ্ট করেননি হিগুয়াইন। এর আগে অবশ্য চতুর্থ গোলটি করেন কাকা নিজেই ৬৬ মিনিটে।
এই জয়ের ফলে তালিকার দ্বিতীয় দল বার্সেলোনাকে আবারো দশ পয়েন্ট পেছনে ফেললো মরিনহোর দল। ২৫ খেলায় তার দলের পয়েন্ট ৬৭। এই হিসেবই বলে দিচ্ছে, লিগে আর খেলা বাকি আছে মাত্র ১৩টি।
খেলা শেষে হিগুয়াইন বলেন, “আমরা খুবই খুশি। তবে এখনো সামনে পড়ে আছে বিস্তর পথ। তাই পয়েন্টের এই পার্থক্য ধরে রাখা জরুরি।”
দিনের অন্যান্য খেলায় রিয়াল জারাগোজা ২-১ গোলে ভিয়ারিয়ালকে, অ্যাথলেটিক বিলবাও ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে ও ভালেন্সিয়া ১-০ গোলে গ্রানাদাকে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৩ ঘ.
bdnews24