২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যান ইউ

চেষ্টার কোনো কসুর করেনি টটেনহ্যাম হটস্পার। খেলেছে জান দিয়েই। তারপরও প্রিমিয়ার লিগে রোববার ৩-১ গোলে হার মানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। সেই সঙ্গে শিরোপার দৌড় থেকে বলতে গেলে বিদায়ই নিতে হলো দলটিকে। পক্ষান্তরে তালিকার শীর্ষ দল ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান আবারো দুইয়ে কমিয়ে আনলো ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেষ্টার কোনো কসুর করেনি টটেনহ্যাম হটস্পার। খেলেছে জান দিয়েই। তারপরও প্রিমিয়ার লিগে রোববার ৩-১ গোলে হার মানতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। সেই সঙ্গে শিরোপার দৌড় থেকে বলতে গেলে বিদায়ই নিতে হলো দলটিকে। পক্ষান্তরে তালিকার শীর্ষ দল ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান আবারো দুইয়ে কমিয়ে আনলো ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের জয়ের রূপকার ছিলেন ইংল্যান্ড উইঙ্গার অ্যাশলে ইয়াং। নয় মিনিটের মধ্যে নিশান ভেদ করেন তিনি দুবার। প্রথমবার খেলার ৬০ মিনিটে। আর ৬৯ মিনিটে দ্বিতীয়বার। তবে হোয়াইট হার্ট লেনে বিরতিতে যায় ইউনাইটেড, ওয়েন রুনির গোলে এগিয়ে থেকে। গোলটি দেন তিনি প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে আগে। টটেনহ্যামের পক্ষে সান্ত্বনার গোলটি করেন জারমেইন ডিফো, খেলা শেষের বাঁশি বাজার তিন মিনিট আগে। এখনো লিগে বাকি আছে এগারো খেলা। এ অবস্থায় বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৭ খেলায় ৬৪। ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। চতর্থ দল আর্সেনাল পিছিয়ে আছে চার পয়েন্ট। পঞ্চম দল চেলসির পয়েন্ট ৪৬। খেলা শেষে ফার্গুসন বলেন, “বিরতির ঠিক আগে আগে গোল দেই আমরা এবং এটিই টটেনহ্যামকে শেষ করে দিয়েছে।” তবে কপালও তার দলের সঙ্গে ছিল বলে তিনি স্বীকার করেন। আর টটেনহ্যাম কোচ হ্যারি রেডন্যাপ বলেন, আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করা হলেও শীর্ষ চারের লড়াইয়ে এর কোনো প্রতিক্রিয়া পড়বে না। তার কথায়, “হোসে মরিনহোর (রিয়াল মাদ্রিদ কোচ) না আসা পর্যন্ত শীর্ষ চারের লড়াইয়ে কোনো প্রতিক্রিয়া পড়বে না। আর আমি মনে করি না যে এ সপ্তাহে তিনি আসছেন।” এদিকে নিউক্যাসল ইউনাইটেডের শীর্ষ চারে জায়গা করে নেয়ার আশায় পানি ঢেলে দিয়েছে সান্ডারল্যান্ড। দশ জনের দলে পরিণত হওয়ার পরও ড্র করে তারা ১-১ গোলে। পয়েন্ট ভাগাভাগি করায় চেলসিকে ধরে ফেলা আর হয়ে উঠলো না নিউক্যাসলের, থাকতে হলো দুই পয়েন্ট পিছিয়ে। আর ফুলহ্যামের কাছে ৫-০ গোলে হেরে ‘রেলিগেশন জোনে’ নেমে গেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। বিজয়ী দলের পক্ষে তিন গোল দেন রুশ পাভেল পোগ্রেবনিয়াক। আর ক্লিন্ট ডেম্পসি দেন দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৩ ঘ.