ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে থেকে এতদিন দলের জয় দেখে এসেছেন লিওনেল মেসি। এবার তিনি জয় দেখলেন দর্শক হয়ে। তার সতীর্থরা লা লিগায় শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে জেতে ৩-১ গোলে। যদিও তাদের খেলতে হয় দশ জনকে নিয়ে।
দিনের অন্যান্য খেলায় মালাগা ৩-১ গোলে গেতাফেকে ও রায়ো ভালেকানো ৪-২ গোলে রেসিং সান্তান্দারকে হারায়। এছাড়া মালোর্কা ও ওসাসুনা এবং সেভিয়া ও আতলেটিকো মাদ্রিদের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
এই খেলায় জিতে তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান সাতে কমিয়ে আনলো বার্সা। কিন্তু রোববারই ব্যবধান আবারো দশে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে হোসে মরিনহোর রিয়াল। সেদিন তার দল মাঠে নামবে এসপানিওলের বিপক্ষে।
পাঁচবার হলুদ কার্ড দেখায় খেলতে পারেননি পেপ গার্দিওলার মূল অস্ত্র মেসি। তারপরও মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন গার্দিওলার ছেলেরাই।
ন্যু-ক্যাম্পে খেলার ৪২ মিনিটে বার্সাকে এগিয়ে নেন আন্দ্রেস ইনিয়েস্তা। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড খেয়ে বসেন গেরার্ড পিকে। এর পরপরই খেলার ৪৯ মিনিটে গোলটি শোধ করে দেন ডেভিড বারাল।
এর পরই অস্বস্তি নেমে আসে বার্সা শিবিরে। সমর্থক ও বেঞ্চে’র চোখে-মুখে স্পষ্ট হয়ে ওঠে তা। কিন্তু ৭৯ মিনিটে তাদের হাফ ছেড়ে বাঁচান সেইদু কেইতা। দলের জয় নিশ্চিত করেন জাভি হার্নান্দেজ, খেলার শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে।
খেলা শেষে কেইতা বলেন, “আমি দলকে বাঁচিয়ে দিয়েছি কি না, তা বলতে পারবো না। তবে আসল কথা হচ্ছে আমরা ৩-১ গোলে জিতেছি।
“তবে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি থাকলে কাজটা আরো সহজ হতো,” যোগ করেন তিনি।
টানা তিনবারের বর্ষসেরা খেলোয়াড়কে না পাওয়ায় গার্দিওলা আক্রমণে সেস ফ্যাব্রেগাসের সঙ্গী হিসেবে মাঠে নামান পেদ্রো রদ্রিগুয়েজ ও তরুণ খেলোয়াড় আইজ্যাক কুয়েঙ্কাকে। প্রথম একাদশে না থাকলেও বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন চিলির আলেক্সিস সানচেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৮ ঘ.
bdnews24