২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার তিন গোলে মিলানের জয়, জুভেন্টাসের ড্র

তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই আলো ছড়ালেন জ্লাতন ইব্রাহিমোভিচ। তিন গোল দিলেন পনেরো মিনিটের মধ্যে। তার দল এসি মিলানও শনিবার সেরি আয় ৪-০ গোলে নাকাল করলো পলের্মোকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল জুভেন্টাসকে পেছনে ফেললো তিন পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 06:08 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই আলো ছড়ালেন জ্লাতন ইব্রাহিমোভিচ। তিন গোল দিলেন পনেরো মিনিটের মধ্যে। তার দল এসি মিলানও শনিবার সেরি আয় ৪-০ গোলে নাকাল করলো পলের্মোকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল জুভেন্টাসকে পেছনে ফেললো তিন পয়েন্ট। দিনের অপর খেলায় শিয়েভোর সঙ্গে ড্র করে জুভরা ১-১ গোলে। যদিও প্রথমার্ধে এগিয়ে ছিল তারা এক গোলে। জুভেন্টাসের পক্ষে গোলটি করেন পাওলো সেলিয়ে। কিন্তু খেলার ৭৬ মিনিটে গোলটি শোধ করে দেন বুকারি দ্রাম। এ মৌসুমে একবারও হারের তিক্ত স্বাদ নিতে না হলেও লিগের শেষ পাঁচ খেলার চারটিতেই ড্র করে তারা। মিলানের পয়েন্ট ২৬ খেলায় ৫৪। তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও এক খেলা হাতে আছে জুভেন্টাসের। তৃতীয় দল উদিনেস (৪৫ পয়েন্ট) রোববার তাদের মাঠে স্বাগত জানাবে আটলান্টাকে। আর লাৎসিও মুখোমুখি হবে এএস রোমার। লাৎসিওর পয়েন্ট ৪৫ হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি। ফিলিপ্পে মেক্সেস এবং আহত কেভিন-পিন্স বোয়াটেং, আলেসান্দ্রো নেস্তা ও আলেকজান্দ্রে পাতোর অনুপস্থিতির পরও খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ ছিল মিলানের দখলে। সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ করা হয় মেক্সেসকে। প্রথম দুটো গোলের জন্য ইব্রাহিমোভিচকে বল বানিয়ে দেন রবিনহো। আর থিয়াগো সিলভার পা থেকে আসে চতুর্থ গোলটি খেলার ৫৮ মিনিটে। তবে এর আগেই দুবার গোল প্রায় দিয়েই ফেলেছিলেন উরবি ইমানুয়েলসন। ইব্রহিমোভিচও গোল দেয়ার সুযোগ পেয়েছিলেন খেলার তিন মিনিটে। কিন্ত তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভিভিয়ানো। ইব্রাহিমোভিচ তার প্রথম গোলটি দেন ২১ মিনিটে। দশ মিনিট পর আবারো আঘাত হানেন প্রতিপক্ষের জালে। তিনি তার হ্যাট্রিক আদায় করে নেন ৩৫ মিনিটে। তিন নম্বর গোলটি ছিল দেখার মতো। তার বাঁ-পায়ের শট এতোটাই বাঁক নিয়ে জালে জড়িয়ে যায় যে বিস্মিত হয়ে পড়েন ভিভিয়ানো। আরেকটি গোল দিতে পারতেন ইব্রাহিমোভিচ। কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক। নাপোলির এক খেলোয়াড়ের গালে চড় মারায় ইব্রাহিমোভিচকে তিন খেলার জন্য নিষিদ্ধ করা হয়েছিল। খেলা শেষে ইব্রাহিমোভিচ বলেন, “আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। আক্রমণে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভয়ঙ্কর হয়ে উঠছিলাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৪ ঘ.