২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরেছে আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে আবাহনী লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে আবাহনী লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ে ফিরে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করে অনেকটাই পিছিয়ে পড়ে লিগের তিনবারের চ্যাম্পিয়নরা। অবশ্য তারা প্রথম দুই ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ এবং আরমাবাগে ৪-১ গোলে হারিয়েছিল। পঞ্চম ম্যাচে এসে আবাহনী ফিরেছে সেই পুরনো রুপে। খেলার মাত্র ৮ মিনিটেই গোল আদায় করে নেয় তারা। ঘানান স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্ক করেন আবাহনীর পক্ষে একমাত্র গোলটি। মিডফিল্ডার আইডু ইব্রাহিমের লবে ফ্রাঙ্ক বলটি থামিয়েই আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধে আবাহনী আরো সহজ দুটি সুযোগ পেয়েছিল। ৩৬ মিনিটে ইব্রাহিমের শট বিজেএমসি গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল আসধারণ সেভ করেন। আর প্রথমার্ধের শেষ মিনিটে জটলায় নাইজেরীয় স্ট্রাইকার লাকি পল জালে জড়াতে ব্যর্থ হন। তাই প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আবাহনী আরো কয়েকটি সুযোগ পেয়েছিল। কাজে লাগাতে না পারায় ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। তাই এক গোলে জিতেই সস্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে। আর বিজেএমসি ছিল একেবারেই নি®প্রভ। তারা গোলের সুযোগতো তৈরি করতে পারেইনি, উপরুন্ত ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে। এই জয়ে আবাহনী ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তারা তিন ম্যাচ জিতেছে এবং দুটিতে ড্র করেছে। আর বিজেএমসি চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। তারা এক ম্যাচে জিতেছে, দুটিতে ড্র এবং একটিতে হেরেছে। আবাহনীর ইরানী কোচ আলী আকবর পুরমুসলিমি দলের এই জয়েও সন্তুষ্ট হতে পারেননি। তিনি বলেন, “আমরা অন্তত চার-পাঁচ গোলে জিততে পারতাম। কিন্তু রেফারি কারণে সম্ভব হয়নি। ম্যাচটি পরিচালনায় রেফারি নিরপেক্ষ ভূমিকায় থাকেননি।” “এমনটা চলতে থাকলে প্রয়োজনে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো। কারণ এর সঙ্গে আমার সম্মান জড়িয়ে রয়েছে,” যোগ করেন আবাহনী কোচ। রেফারির সমালোচনা করেছেন বিজেএমসি কোচ জাকারিয়া বাবুও। তিনি বলেন,“রেফারি সম্পর্কে বলে আসলে কোন লাভ নেই। কারণ আমাদের দেশের রেফারিদের অনেক সীমাদ্ধতা রয়েছে। ফুটবল এগিয়ে নেয়ার ক্ষেত্রে রেফারিদেরও একাটা ভূমিকা থাকে। কিন্তু তারা সেই দায়িত্ব পালন করছেন না।” “অবশ্য এদিন আমাদের দলও ভালো ফুটবল খেলতে পারেনি। তৈরি করতে পারেনি নিশ্চিত কোন সুযোগ। শুরুতেই গোলটি হজম করায় মূলত আর খেলায় ফিরতে পারেনি,” যোগ করেন বিজেএমসি কোচ। ফরাশগঞ্জ জয়ী দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ ২-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে কঙ্গোর স্ট্রাইকার সিও জুনাপিওর জোড়া গোলেই এই জয় তুলে নিয়েছে পুরনো ঢাকার দলটি। নিজেদের মাঠে সকার ক্লাব অবশ্য শুরুতেই গোল পেয়ে যায়। ১৮ মিনিটে মাকসুদুল আলম বুলবুল করেন গোলটি। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুনাপিও খেলার সমতা আনেন। সাত মিনিট পর সেই জুনাপিওই করেন জয়সূচক গোলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০০ঘ.