২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের কাছে শেখ রাসেলের হার

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে হেরে গেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে হারিয়ে দিয়েছে তাদের। এবারের লিগে এটাই ব্রাদার্সের প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে হেরে গেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে হারিয়ে দিয়েছে তাদের। এবারের লিগে এটাই ব্রাদার্সের প্রথম জয়। ব্রাদার্সের জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে। ম্যাচের ৭৯ মিনিটে জামাল হোসেনের ক্রস থেকে দুর্দান্ত হেডে শেখ রাসেলের গোলরক্ষক বিপ্ল¬ব ভট্টাচার্যকে পরাস্ত করেন তিনি। শেষ পর্যন্ত ঐ গোলটিই গোপীবাগের দলটিকে এনে দেয় তিনটি মূল্যবান পয়েন্ট। আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে ৩-০ গোলে বিধ্বস্ত করলেও শুক্রবার জেতার মতো খেলতে পারেনি শেখ রাসেল। গোল করার তেমন ভালো সুযোগও তৈরি করতে পারেনি তারা। মোহামেডানের বিপক্ষে দুই গোল করা বুকোলা ওলালেকানকে খুঁজেই পাওয়া যায়নি বলা যায়। এই নাইজেরীয় স্ট্রাইকারের অনুজ্জ্বল উপস্থিতি ভীষণ ভুগিয়েছে শেখ রাসেলকে। ম্যাচ শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক হারের জন্য খেলোয়াড়দের আত্মপ্রসাদে ভোগাকে দায়ী করলেন সবার আগে। তিনি বলেন, “মোহামেডানের বিপক্ষে জয়ের পর খেলোয়াড়রা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলো। ব্রাদার্র্সকে তারা তেমন গুরুত্ব দেয়নি। এটাই হারের প্রধান কারণ। তারা অবশ্য গোল করার মতো সুযোগও তৈরি করতে পারেনি।” অন্যদিকে ব্রাদার্সের কোচ সৈয়দ নাঈমুদ্দিন জয়ের পুরো কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের। তিনি বলেন, “খেলোয়াড়দের লড়াকু মনোভাবই এই জয়ের প্রধান কারণ। তাদের পরিশ্রম বৃথা যায়নি। “এমন কঠিন প্রতিপক্ষকে হারানো আসলেই দুরূহ কাজ। আর খেলোয়াড়রা সে কাজটি করতে পেরেছে শুধুমাত্র দৃঢ় মনোবলের কারণে,” যোগ করেন এই ভারতীয় কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৭ঘ.