ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাউল গঞ্জালেসকে বুন্ডেসলিগার দল শালকেতে থেকে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে।
শালকের মহা-পরিচালক হর্স্ট হেলডট বৃহস্পতিবার বলেন, রাউলের প্রতিনিধি জিনেস কারভাজালের কাছে তিনি ই-মেইলে তার (রাউল) চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন।
ব্যস্ততার জন্য উভয় পক্ষের মধ্যে মুখোমুখি আলোচনায় বসা সম্ভব না হওয়ায় ই-মেইলে এই প্রস্তাব দেয়া হয়। এ মাসের শেষ দিকে হেলডট তার চিঠির জবাব পাবেন বলে আশা করছেন, তার আগে নয়।
“ধীর-স্থিরভাবে রাউলের উপদেষ্টা প্রস্তাবটি বিবেচনা করে তার (রাউল) সঙ্গে কথা বলবেন,” যোগ করেন তিনি, “মার্চের শেষ দিকে আমরা বসে এ ব্যাপারে আলোচনা করবো।”
রিয়াল মাদ্রিদ থেকে ২০১০ সালে শালকেতে যোগ দেয়ার পর দলটির হয়ে ৫৬ বার মাঠে নেমে ২৫ গোল করেন ৩৪ বছর বয়সী রাউল। আর সব ধরনের প্রতিযোগিতায় গোল দেন ৩৩টি। এর মধ্যে তার এ মৌসুমের ১৪টি গোলও রয়েছে।
সাবেক স্পেন অধিনায়ক গত বছর শালকের হয়ে জার্মান কাপ জেতেন।
হেলডট বলেন, “রাউল খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি সব সময় নিজের সবটাই উজাড় করে দেন। এ ধরনের অসাধারণ খেলোয়াড় আমাদের দলে খেলছে বলে আমরা গর্বিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২৯ ঘ.
bdnews24